২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি: সাইফ পাওয়ার টেকের মেয়াদ আবারও বাড়লো

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ার টেকের কাজের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। তারা ১০ নভেম্বর পর্যন্ত এ কাজ করতে পারবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ার টেকের কাজের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। তারা ১০ নভেম্বর পর্যন্ত এ কাজ করতে পারবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগে বিকেলে অনুষ্ঠিত এক সভা শেষে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেন, "আইনগত জটিলতার কারণে বন্দরে স্থায়ীভাবে পরিচালনাকারী নিয়োগ করা সম্ভব হচ্ছে না। তাই সরকার অস্থায়ী ভিত্তিতে সাইফ পাওয়ারকে চতুর্থ দফায় এক মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব দিয়েছে।" একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। চট্টগ্রাম বন্দরের সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাইফের চুক্তির মেয়াদ গত জুন মাসে শেষ হয়। এরপর গত ১৫ আগস্ট তাদের কাজের মেয়াদ শেষ হলে পর দিন নৌ পরিবহন মন্ত্রণালয় আরও একমাসের জন্য এ মেয়াদ বাড়ায়। সিসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষ গত বছরের নভেম্বরে দরপত্র আহবান করে। এতে এছাক ব্রাদার্স সর্বনিু দরদাতা হিসেবে বিবেচিত হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ মূহুর্তে নৌ পরিবহন মন্ত্রণালয় এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার অনুমোদন দেয়। পরবর্তী সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনিয়মের মাধ্যমে অনভিজ্ঞ প্রতিষ্ঠান এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার অভিযোগ ওঠে। নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি এ অভিযোগ তদন্ত করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মতিন এবং নৌ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। একই সঙ্গে সংসদীয় কমিটি এছাক ব্রাদার্সকে কাজ দেয়ার অনুমোদন বাতিল করে নতুন করে দরপত্র আহবান করার সুপারিশ করে। তবে মন্ত্রণালয় প্রতিযোগিতামূলক দরে নতুন করে ঠিকাদার নিয়োগ না দেওয়া পর্যন্ত সাইফকে সিসিটি পরিচালনার দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বুধবার আবার সাইফ পাওয়ার টেকের কাজের মেয়াদ বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএআর/এসএইচ/২১২৯ ঘ.