২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদে সারা দেশে ভোটার বাড়বে ৪০ লাখের বেশি

মধ্য নভেম্বরে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষে জানুয়ারির শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মধ্য নভেম্বরে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষে জানুয়ারির শুরুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এ বছর ছবিসহ ভোটার তালিকায় ৪০ লাখেরও বেশি ভোটার নতুন করে তালিকাভুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। হালনাগাদকালে ইতোমধ্যে দেশের সব উপজেলায় ৩৮ লাখ ৪৩ হাজার ৬৯৯ জন নিবন্ধিত হয়েছেন। ছয় সিটি করপোরেশনের হাল নাগাদ শেষে এ সংখ্যা আরও কয়েক লাখ বাড়বে। বুধবার আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনে 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পে'র কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান শাহাদাত হোসেন। নবম সংসদ নির্বাচনের আগে প্রায় আট কোটি ১৩ লাখ ভোটার ছিল। হালনাগাদের সময় ইতোমধ্যে মৃত চিহ্নিত এক লাখ ৯২ হাজার ৭৫৪ ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এ হিসাবে হালনাগাদ শেষে ২০১০ সালের শুরুতে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে সাড়ে আট কোটির বেশি। বহুল আলোচিত বিচারপতি এমএ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০৬ সালে নয় কোটি ৩০ লাখেরও বেশি ভোটার তালিকাভূক্ত করে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ওই তালিকায় এক কোটি ২২ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে তখন জানিয়েছিলো। ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচন বাতিলের পেছনে ওই ভোটার তালিকাও অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে। হালনাগাদ কর্মসূচি নিয়ে এ সংবাদ ব্রিফিংয়ে প্রকল্প পরিচালক বলেন, "ভোটার তালিকা হালনাগাদে আগের তালিকার চেয়ে প্রায় পাঁচ শতাংশ ভোটার বাড়ছে। গত দুই বছরে যারা ভোটার যোগ্য হয়েছেন এবং যারা কোনও কারণে ভোটার হতে পারেন নি- তারাই হালনাগাদে নিবন্ধিত হয়েছেন।" হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, এবার যারা পারবেন না, নিয়ম মেনে আগামী বছর তারা তালিকাভূক্ত হতে পারবেন। একাধিক ঠিকানা ও ১৮ বছরের কমবয়সীদের ভোটার না হওয়ার পরামর্শ দেন তিনি। ১৯৯২ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম তাদের এবারের হালনাগাদে তালিকাভুক্ত করা হচ্ছে। প্রকল্প পরিচালক জানান, চতুর্থ পর্যায়ে ছয় সিটি করপোশেনের ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে। ছবি তোলাসহ নিবন্ধন সম্পন্ন হবে ১০ নভেম্বরে। মধ্য নভেম্বরেই প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করা হবে। এর আগে তিন পর্যায়ে দেশের পৌনে পাঁচশ' উপজেলার হালনাগাদ সম্পন্ন হয়। এসব এলাকায় ২১ লাখ ৬৪ হাজার ১৩৩ জন পুরুষ ও ১৬ লাখ ৭৯ হাজার ৫৬৬ জন নারী ভোটার নিবন্ধিত হয়। সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিতে হবে। গত ১৫ জুন এ হালনাগাদ শুরু হয়। ছয় সিটি করপোরেশনে তথ্য সংগ্রহের কাজ চলছে। ইতোমধ্যে শুধু ঢাকা সিটি করপোরেশনে এক লাখ ২৮ হাজার ৭৭২ জনের তথ্য সংগৃহীত হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। মহানগরীগুলোয় ৪-৫ শতাংশ নতুন ভোটার তালিকাভুক্ত হতে পারে বলেও ধারণা করেন তিনি। বর্তমানে ঢাকায় ৩৫ লাখ ৮২ হাজার ৮৭৬, রাজশাহীতে দুই লাখ ৫৮ হাজার ৬৫৯, খুলনায় চার লাখ ৩৫৯, বরিশালে এক লাখ ৭৯ হাজার ৩২৪, সিলেটে দুই লাখ ৫৬ হাজার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ এবং সব সিটি করপোরেশনে ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। আগামী বছরের শুরুতে ঢাকা সিটি করপোরেশন, পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পর্যায়ক্রমে পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন করার পরিকল্পনা করছে ইসি। হালনাগাদ তালিকা দিয়েই এসব নির্বাচন করা সম্ভব হবে বলেও জানিয়েছে ইসি। জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ঢাকা মহানগরীতে যারা আগে ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেননি-তারা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে তা সংগ্রহ করতে পারবেন। প্রকল্প পরিচালক জানান, লালবাগ, মোহাম্মদপুর, ধানমণ্ডি থানার ভোটাররা সায়েন্স ল্যাবরেটরির অফিসার্স ক্লাবে; মতিঝিল, সবুজবাগ, সূত্রাপুর, ডেমরা, কোতোয়ালী থানার ভোটাররা বাসাবো কমিউনিটি সেন্টার; উত্তরা, গুলশান, তেজগাঁও, রমনা, ক্যান্টনমেন্ট এলাকার ভোটাররা তেজগাঁওয়ের কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে এবং পল্লবী, মিরপুর এলাকার ভোটাররা ১০ নম্বর কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে ৫ টার মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৭৮২ ঘ.