২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে বিশ্বের ৩৮টি গন্তব্যে যাত্রা শুরু করবে কুয়েত এয়ারওয়েজ

বন্দর নগরী চট্টগ্রাম থেকে আগামী ৩০ অক্টোবর বিশ্বের ৩৮টি গন্তব্যে যাত্রা শুরু করবে কুয়েত এয়ারওয়েজ। প্রথম দিকে সপ্তাহে দুটি (শুক্র ও রোববার) ফ্লাইট দিয়ে শুরু হলেও আগামীতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বন্দর নগরী চট্টগ্রাম থেকে আগামী ৩০ অক্টোবর বিশ্বের ৩৮টি গন্তব্যে যাত্রা শুরু করবে কুয়েত এয়ারওয়েজ। প্রথম দিকে সপ্তাহে দুটি (শুক্র ও রোববার) ফ্লাইট দিয়ে শুরু হলেও আগামীতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে ফ্লাইট চালুর এ ঘোষণা দেন কুয়েত এয়ারওয়েজের সেলস ম্যানেজার (প্যাসেঞ্জার) সামিউর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার এয়ারপোর্ট ম্যানেজার আবু আমিন চৌধুরী, সেলস ম্যানেজার (কার্গো) মনশুরুল হক ভূইয়া প্রমুখ। সামিউর রাজ্জাক বলেন, "গত ২৮ বছর ধরে কুয়েত এয়ারওয়েজ ঢাকা থেকে সফলভাবে ফ্লাইট পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আরও উন্নতমানের যাত্রী সেবার লক্ষ্য নিয়ে আগামী ৩০ অক্টোবর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে বিশ্বের ৩৮টি গন্তব্যে যাত্রা শুরু করবে।" তিনি জানান, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫ টায় ফ্লাইট দু'টি যাত্রা করবে। সামিউর আরও বলেন, "আমরাই প্রথম এয়ারবাসের মাধ্যমে ফুল সার্ভিস নিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু করতে যাচ্ছি। এতে অপার সম্ভাবনার শহর চট্টগ্রামে একদিকে যেমন বিদেশী বিনিয়োগ বাড়বে, অন্যদিকে তেমনি পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।" তিনি বলেন, "চট্টগ্রাম ও কুয়েত দুটি শহরই সমুদ্র পাড়ে অবস্থিত। তাই এ দুটি শহরকে একসূত্রে গাঁথতে সার্ফ বোর্ড ও সার্ফিংকে যোগাযোগের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যাত্রীদের সার্ফিং-এর মত আরামদায়ক সেবা দেওয়ার জন্যই এ প্রতীককে বেছে নেওয়া হয়েছে।" তিনি জানান, বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত সার্ফার জাফর আলমকে কুয়েত এয়ারওয়েজ ব্র্যান্ড অ্যামবাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে। এক প্রশ্নের জবাবে সামিউর রাজ্জাক বলেন, "যাত্রী সেবার ক্ষেত্রে আমাদের মূল টার্গেট বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজার। তবে এদেশের লাখ লাখ মানুষ মধ্যপ্রাচ্যে এবং এর আশে পাশের দেশগুলোতে বসবাস করে। সেসব যাত্রীদেরও আমরা টার্গেট হিসেবে ধরেছি।" আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশের সাংবাদিকদের জন্য বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/১৬৫১ ঘ.