ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনির দাম বাড়িয়ে খুচরা বাজারে তা প্রতি কেজি সর্বোচ্চ ৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার; যদিও বর্তমানে বাজারে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
তবে এখন থেকে খুচরা বাজারে বাড়তি দাম নেওয়া হলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে।
বুধবার চিনিকল মালিকদের সঙ্গে বৈঠকে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যপণ্যের মিলগেট, পাইকারি ও খুচরা বাজারের নতুন দাম নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মিল গেটে প্রতি কেজি চিনির মূল্য হবে ৪৫ টাকা, পাইকারি দর ৪৬ টাকা এবং খুচরা বাজারে তা বিক্রি হবে ৪৮ থেকে ৪৯ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয়ে ওই বৈঠকে সরকার পক্ষে নেতৃত্বে ছিলেন বাণিজ্য সচিব ফিরোজ আহমদ।
তিনি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, "যদিও বর্তমানে খুচরা বাজারে চিনি ৫৪-৫৫ টাকায় বিক্রি হচ্ছে আমরা আশা করছি, আজকের পর থেকে চিনি কোনও অবস্থাতেই ৫০ টাকার বেশি দামে বিক্রি হবে না। খুচরা বাজারে প্রতি কেজি চিনি যদি ৫০ টাকার বেশি দামে বিক্রি হয়, তাহলে এর জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।"
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিদিন চিনির বাজার দর তদারক করা হবে বলে জানান তিনি।
বৈঠকে চিনির মিল মালিকরা ছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আনিসুল হক উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধির কারণেই দেশে দাম পুননির্ধারণ করা হয়েছে বলে সরকার ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রমজান মাসে বাজারে চিনির দাম বাড়তে থাকলে বাণিজ্যমন্ত্রী মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মিল গেটে প্রতি কেজির দাম ৩৯ টাকা নির্ধারণ করে দেন। পাইকারি ব্যবসায়ীরা ওই চিনি এক টাকা লাভে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে বলে সিদ্ধান্ত হয়।
কিন্তু এ সিদ্ধান্তের পরও বাজারে চিনির দাম কমেনি। উল্টো আরও বেড়ে যায়। এমনকি খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৬০ টাকায় বিক্রি হয়।
এখনও চড়া দামেই বাজারে চিনি বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা টিসিবি'র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) হিসাবেই মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি চিনি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হয়েছে।
স
bdnews24