চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত ক্লাস না নেওয়া, বিভাগে অনুপস্থিত থাকা ও সিনিয়র হওয়া সত্ত্বেও সভাপতির দায়িত্ব না নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্র্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তর থেকে এ নোটিশ ওই শিক্ষকের বিভাগে পাঠানো হয়। নোটিশের জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।
ডেপুটি রেজিষ্ট্রার শামসুল আলম স্বাক্ষরিত ওই নোটিশে সহকারী অধ্যাপক ফয়সালের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।
আন্তর্র্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতিপূর্বে তাকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা শোনেননি। এখন তাকে প্রশাসনিক দপ্তর থেকেই কারণ দর্শাতে বলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/এইচএ/০১৩২ ঘ.
bdnews24