ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪ তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্ক সফর সর্ম্পকে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের উপর বিশেষ আলোকপাত করেন বলে রাষ্ট্রপতিকে জানান।
ওই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তিনি সফল বৈঠক করেন বলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণের পর আবারও বাংলায় ভাষণ দেওয়া এবং সফলভাবে সফর সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24