২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে: মন্ত্রী

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবন্ধী দুঃস্থদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবন্ধী দুঃস্থদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। খাদ্যমন্ত্রী আগারগাঁও এলজিইডি মিলনায়তনে সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) আয়োজিত 'দুর্যোগ ও প্রতিবন্ধী মানুষ' শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়। মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগকালে এদের নিরাপত্তা বিধানকে অগ্রাধিকার দিতে হবে। মন্ত্রণালয়ের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীতে দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিরাপত্তা বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, ভূমিকম্প সংশ্লিষ্ট দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় অন্তর্ভুক্ত করতে এ আদেশ সংশোধন করা হচ্ছে এবং এসময়েই প্রতিবন্ধীদের বিষয়টিও সম্পৃক্ত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এস এম এস আকবর, মাহবুব আরা গিনি ও মোনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি জহুরুল আলম। স্বাগত ভাষণে সিডিডির পরিচালক নাজমুল বারী বলেন, শুধু নীতি ও ঘোষণায় নয়, কাজেও প্রতিবন্ধীদের মঙ্গলের প্রতিফলন থাকতে হবে। সংলাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রতিবন্ধীরা অংশ নেন। তারা দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সমস্যা তুলে ধরেন এবং তার সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২২৩ঘ.