ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১২ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দশ জনকে নতুন পদায়ন এবং দুই জনকে বদলি করা হয়।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
নতুন পদায়ন পাওয়া উপ-সচিবরা সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন।
ওএসডি উপ-সচিবদের মধ্যে শামস ই আরা বিনতে হুদা ও সালমা মমতাজকে মন্ত্রিপরিষদ বিভাগ, এনামুল কাদের খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবুল হোসেন ও এএসএম মাহবুবুল আলমকে সংসদ সচিবালয়, এসএম মঞ্জুরুল হান্নান খানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, আব্দুর রউফ তালুকদারকে অর্থ বিভাগ, সালমা নাছরিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খন্দকার রফিকুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিনা আকতার ও অর্থ বিভাগের উপ-সচিব হাছনুন নাহারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়।
এছাড়া ওএসডি উপ-সচিব মোস্তাফিজুর রহমান মিতাকে তথ্য কমিশনে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৬ ঘ.
bdnews24