ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই মেয়ে।
তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পিন্টুকে ২১ আগস্ট মামলায় জড়ানো হয়েছে।
বাবার মুক্তি দাবি করে পিন্টুর দুই মেয়ে নূরদিদা বিনতে সালাম পূর্ণি ও সাফওয়াত বিনতে সালাম মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি বিএনপি নেতা পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে নূরদিদা পূর্ণি বলেন, "এ মামলায় প্রায় ৬১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। কিন্তু বাবার জড়িত থাকার কোনও প্রমাণ সরকার হাজির করতে পারেনি।
"অন্যদিকে অধিকতর তদন্তের কথা বলে তাকে রিমান্ডে নিয়ে অসুস্থ অবস্থায় অত্যাচার-নির্যাতন করা হচ্ছে। তার হৃদরোগ রয়েছে। এভাবে নির্যাতন হলে দুঘর্টনা ঘটার আশঙ্কা রয়েছে।"
গ্রেপ্তারের পর থেকে পিন্টুকে কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ গত ১ অক্টোবর পিন্টুকে তিন দিন পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেয় আদালত।
পিন্টুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে অভিযোগ করে নূরদিদা বলেন, "বাবাকে শেষ করার করার জন্য সরকার মরিয়া হয়ে গেছে। আমরা ন্যায়বিচার থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছি।"
সরকার তার পরিবারকেও হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
নূরদিদা বলেন, "আমার মা একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে অজ্ঞাত কারণে ঢাকা থেকে বদলি করা হয়েছে।"
সংবাদ সম্মেলনে পিন্টুর আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বলেন, "সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হওয়ার পর অধিকতর তদন্ত করার ঘটনা নজিরবিহীন। সালাম পিন্টু গুরুতর অসুস্থ। আদালতকে বিষয়টি জানানোও হয়েছে। তারপরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল।"
সংবাদ সম্মেলন পিন্টুর ছোটভাই ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও অপর ভাই মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন কৃষক দলের নেতা শাহজাহান সম্রাট।
২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়।
এ মামলায় পিন্টুসহ মোট ২২ জন আসামি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয় পুলিশ।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24