বরিশাল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের রাইফেল দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে বলে বরিশাল পুলিশ জানিয়েছে।
নিহত এনায়েত হোসেন ইনু আগৈলঝাড়া থানায় কনস্টেবলের দায়িত্বে ছিলেন। পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করেন বলে সহকর্মীরা জানিয়েছেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে এনায়েত থানা ভবনেই বুকে নিজের রাইফেল ধরে গুলি চালায়। তাকে সঙ্গে সঙ্গে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এনায়েতের দুই স্ত্রী রেখে গেছেন। পারিবরিক কলহই তার এ আত্মহত্যার কারণ বলে ওসি জানান।
তিনি বলেন, "সে (এনায়েত) সকালে তার দ্বিতীয় স্ত্রীকে মারধর করে। ওই স্ত্রীকে আহত অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরপরপরই মোবাইল ফোনে প্রথম স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। তারপর থানায় ফিরে আত্মহত্যা করে সে।"
এনায়েতের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24