২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে আহত হয়েছে একজন। ফরিদপুরে নিহত লাভলু ব্যাপারী এবং ঝিনাইদহে আহত জেনারুল ইসলাম চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত বলে র‌্যাব দাবি করেছে। ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে শহরতলীর অম্বিকাপুরে পল্লী কবি জসীম উদ্দীনে বাড়ির পাশের জসীম মঞ্চের উত্তরদিকে কুমারনদের পাড়ে 'বন্দুকযুদ্ধে' লাভলু নিহত হয়। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মঈনুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জসীম মঞ্চের কাছে একটি সন্ত্রাসী দলের বৈঠকের খবর পেয়ে র‌্যাব ও টহল পুলিশের একটি দল ওই এলাকা ঘিরে ফেলে। "ওই সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব এবং পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা গুলি বিনিময়ের পর অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে লাভলুর লাশ পাওয়া যায়।" র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান, এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল এবং ৭টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, লাভলুর বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটি এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় সে যাবজ্জীন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। লাভুল শহরতলীর শোভারামপুর গ্রামের জামাল ব্যাপারীর ছেলে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে সোমবার রাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জেনারুল আহত হন। তাকে সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর সায়েফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "রাতে জেনারুলকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গোবরাপাড়া গ্রামে গেলে ওঁৎ পেতে থাকা চরমপন্থীদের সঙ্গে র‌্যাব ও পুলিশের বন্দুকযুদ্ধ হয়। "বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পালাতে গিয়ে জেনারুল গুলিবিদ্ধ হয়।" জেনারুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ১টি হত্যা ও ১টি বোমা হামলা মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। চরমপন্থীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয় বলে র‌্যাবের দাবি। জেনারুল ইসলাম উপজেলার বিরাহিমপুর গ্রামের আনজের আলীর ছেলে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত নয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৮০ জনের বেশি নিহত হয়েছে। নিহতের এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি। তবে সরকার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.