২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়িত হলে বেকারত্ব বাড়বে: খালেদা

প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশে বেকারত্ব বাড়বে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশে বেকারত্ব বাড়বে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, "সরকারের প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়িত হলে কর্মসংস্থান নয়, বেকার সৃষ্টি হবে। এই সরকার নির্বাচনের আগে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে এখন শিক্ষানীতি প্রণয়ন করে বেকার সৃষ্টি করতে চায়। তারা দেশের ক্ষতি করছে, মূল্যবোধ নষ্ট করছে।" সারাদেশের শিক্ষক সমাজকে এ শিক্ষানীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একশ' সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে শিক্ষাঙ্গন পরিস্থিতি, শিক্ষকদের নানা সমস্যা ও প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে কথা বলেন। বিরোধী দলীয় নেতা বর্তমান সরকারের নয় মাসের শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সরকারি দল লুটপাট করছে। চাঁদাবাজি-দখলবাজি ও সন্ত্রাস চালাচ্ছে। এদের হাতে দেশের মানুষের নিরাপত্তা নেই।" এশিয়ান হাইওয়ের সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমরা এশিয়ান হাইওয়ের বিরুদ্ধে নই। কিন্তু ওই এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেওয়ার বিরুদ্ধে আমরা। এটা দেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না।'' তিনি সরকারকে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করে বলেন, "সরকার দেশের স্বার্থে কাজ করলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী কার্যক্রমের দিকে এগুলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।" খালেদা জিয়া অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো, দেশের শিক্ষাব্যবস্থাকে বিনষ্ট করেছে। নকলের মহোৎসব হয়েছে। বিএনপি দেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে দক্ষ জনশক্তি বিনির্মাণ করেছে। নকলের মূল উৎপাটন করছে। নারী শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে।" বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, কলেজ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, মাদ্রাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান মাওলানা এম এ লতিফ, উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, কর্মচারী ফেডারেশনের মহাসচিব শফিকুল আলম, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, ইসলাম ধর্ম শিক্ষক সমিতির আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/০০০৭ ঘ.