২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ কর্মকর্তাসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মকর্তাসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা করেছে গ্রামবাসী। সোমবার চট্টগ্রামের বিচারিক হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার ফতেপুর গ্রামের জেসমিন আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মকর্তাসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা করেছে গ্রামবাসী। সোমবার চট্টগ্রামের বিচারিক হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার ফতেপুর গ্রামের জেসমিন আক্তার। বিচারক মামলাটি আমলে নিয়ে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মামলায় অনুমতি ছাড়া ঘরে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ করা হয় বলে এই আইনজীবী বলেন। মামলার আসামিরা হলেন- উপ-পরিদর্শক মোশাররফ হোসেন, গোলাম ফারুক ভুঁইয়া, আব্দুল মালেক, আলী নেওয়াজ, সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান, কনস্টেবল শামসুল আলম, ফখরুদ্দীন, ফিরোজ খান, শামসুল, ইউসুফ, মাইনুদ্দিন, কামালউদ্দিন এবং বিশেষ আনসারের সদস্য শাহজাহান। গত ২৯ সেপ্টেম্বর ভোরে চন্দনাইেশের জোয়ারা ইউনিয়নের ফতেপুর গ্রামে মো. হারুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পুলিশসহ ৩০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ ১০ গ্রামবাসীকে গ্রেপ্তার করে এবং ৩০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০৯ ঘ.