ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লস্কর-ই-তৈয়্যেবার সদস্য মুফতি ওবায়দুল্লাহ ওরফে মাওলানা জাফর ও মনসুর আলী ওরফে মাওলানা হাবিবুল্লাহকে পাসপোর্ট সংক্রান্ত মামলার পর এবার ২০০১ সালের ১০ জানুয়ারি পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে মঙ্গলবার এ মামলায় তাদের তিন দিনের জিজ্ঞাসাবাদ শুরু হবে।
সোমবার বিকেলে ভারতীয় দু' জঙ্গিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সিআইডি পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মৃণাল সাহা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) চান।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী তাদের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
১৪ বছর ধরে বাংলাদেশে অবস্থানের পর গত ১৬ জুলাই ওবায়দুল্লাহকে এবং তার দেওয়া তথ্যের সূত্র ধরে ২০ জুলাই মনসুরকে গ্রেপ্তার হয়।
১৮ জুলাই ওবায়দুল্লাহকে রাজধানীর কোতয়ালি থানার পাসপোর্ট আইনের এক মামলায় আদালতের মাধ্যমে সাত দিনের হেফাজতে নেয় পুলিশ। এরপর ২২ জুলাই দক্ষিণখান থানার একই আইনের এক মামলায় মানসুরকেও আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসএইচ/২১৩৬ ঘ.
bdnews24