২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশনেও সাংসদরা উপদেষ্টা হতে পারলেন না

পৌরসভার মতো সিটি করপোরেশনেও সাংসদদের উপদেষ্টা রাখার বিধান রহিত করে সোমবার সংশোধিত আকারে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল-২০০৯ সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। বিলের সংশোধনীতে দুই জন উপ-মেয়রের পদ সৃষ্টির প্রস্তাবও রহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পৌরসভার মতো সিটি করপোরেশনেও সাংসদদের উপদেষ্টা রাখার বিধান রহিত করে সোমবার সংশোধিত আকারে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল-২০০৯ সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। বিলের সংশোধনীতে দুই জন উপ-মেয়রের পদ সৃষ্টির প্রস্তাবও রহিত করা হয়েছে। এর ফলে স্থানীয় সরকারের মধ্যে কেবল উপজেলা পরিষদে সংসদ সদস্যরা উপদেষ্টা হিসেবে থাকার বিধান চালু থাকলো। সিটি করপোরেশন বিলের সংশোধনী প্রস্তাব দুইটি উত্থাপন করেন আওয়ামী লীগের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে আইন প্রণয়ন কার্যাবলীর শুরুতে এই বিলটি পাসের জন্য উপস্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন আইনটি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এ ছয়টি সিটি করপোরেশন একটি আইনে পরিচালিত হবে। গত ১৪ সেপ্টেম্বর সাংসদদের উপদেষ্টা রাখার প্রস্তাব রহিত করে সংসদে স্থানীয় সরকার (পৌরসভা)- বিল-২০০৯ সংসদে পাস করা হয়। নতুন আইনে মনোনয়নপত্র দাখিলের দিন খেলাপিঋণের কিস্তি পরিশোধ করে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। সিটি করপোরেশন বিলে বলা হয়েছে, মেয়র ও প্রত্যেক কাউন্সিলরকে শপথ গ্রহণের সময় তার ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব একটি হলফনামার মাধ্যমে সরকার কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। দাখিল করা বিবরণীতে মিথ্যা ও অসত্য তথ্য দিলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং অভিযোগের ক্ষেত্রমতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর/ ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এমএইচসি/এসএইচ/১৯৫১ ঘ.