২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ৬ সিটি এলাকায় ভোটার তথ্য সংগ্রহের সময় ৫ দিন বাড়ল

ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে ভোটারদের তথ্য সংগ্রহের সময়সীমা পাঁচ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে ভোটারদের তথ্য সংগ্রহের সময়সীমা পাঁচ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, "অনেক এলাকায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে না বলে আমরা জেনেছি। ভোটারদের সবাইকে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করার সুবিধার জন্য তথ্য সংগ্রহের সময় ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ সোমবার শেষ হওয়ার কথা ছিল। দেশের ছয়টি সিটি কর্পোরেশনে গত ২৯ সেপ্টেম্বর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় নতুন ভোটার যোগ্যরা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া হবে। তথ্য সংগ্রহের কাজে অবহেলাকারী সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ছহুল বলেন, এ জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে তদারকি দল গঠন করা হবে। প্রতিটি সিটি করপোরেশনে অন্তত চারটি করে দল থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, "তদারকি দলগুলো যে কোন বাড়িতে আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে হচ্ছে কি না- তা দেখবে। কাজে অবহেলার অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তথ্য সংগ্রহের কাজের পর ১২ অক্টোবর থেকে নির্ধারিত ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ছবি তোলার কাজ চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বিদ্যমান তালিকা অনুযায়ী ঢাকা সিটিতে ৩৫ লাখ ৮২ হাজার ৮৭৬, রাজশাহীতে ২ লাখ ৫৮ হাজার ৬৫৯, খুলনায় ৪ লাখ ৩৫৯, বরিশালে ১ লাখ ৭৯ হাজার ৩২৪, সিলেটে ২ লাখ ৫৬ হাজার এবং চট্টগ্রামে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে। এসব মহানগরীতে তথ্য সংগ্রহে মোট ৪৭৪৯ জন তথ্য সংগ্রহকারী এবং ১০১৬ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এবার হালনাগাদ কার্যক্রমে চার থেকে পাঁচ শতাংশ ভোটার বাড়তে পারে ধারণা করছে নির্বাচন কমিশন। দেশজুড়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয় গত জুন মাসে। শেষ ও চতুর্থ পর্যায়ে ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ২০০৭ সালের ১ ডিসেম্বর থেকে ডিসিসি এলাকায় ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়। নবম সংসদ নির্বাচনের আগে এ এলাকায় ৩৫ লাখেরও বেশি ভোটার তালিকা করা হয়। নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় সারা দেশে আট কোটি ১০ লাখেরও বেশি ভোটারকে তালিকাভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএআর/আরএ/এসএইচ/১৫৫২ ঘ.