২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি থেকে তৈরি পোশাকের কন্টেইনার পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বন্দরের সিসিটি (চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল) থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে গার্মেন্টস পণ্য ভর্তি একটি কন্টেইনার পাচার চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। শনিবার রাত ও রোববার দিনের বেলা তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের সিসিটি (চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল) থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে গার্মেন্টস পণ্য ভর্তি একটি কন্টেইনার পাচার চেষ্টার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। শনিবার রাত ও রোববার দিনের বেলা তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-সিসিটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের কন্টেইনার ইয়ার্ড সুপারভাইজার আবুল বাশার, টালি ক্লার্ক ফেরদৌস আলম, ট্রলি চালক শাহাদাৎ হোসেন ও তার সহযোগী আবদুর রহিম। এ ঘটনা তদন্তে বন্দরের সহকারী ব্যবস্থাপক (পরিবহন) সারোয়ারুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন- বন্দরের সহকারী উপ-পরিচালক (নিরাপত্তা) শামসুল আলম। এ কমিটিকে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত দশটার দিকে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ফটক দিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে একটি কন্টেইনার বের করার সময় বন্দর নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তারা এটি আটক করে। তল্লাশি করে কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় ঘটনাস্থল থেকে ট্রলি চালক শাহাদাত ও তার সহযোগী রহিমকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বন্দরের নিরাপত্তা কর্মীরা রোববার সকালে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড এর সুপারভাইজার বাশার ও ট্রলি ক্লার্ক ফেরদৌসকে আটক করে। সাইফ পাওয়ার টেক লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের সিসিটি'র কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরে আটক হওয়া চার ব্যক্তিকে রাতে বন্দর থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫৭ ঘ.