২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে দুই র‌্যাব সদস্য গ্রেপ্তার

দুই ব্যবসায়ীকে অপহরণ করে স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শনিবার মধ্যরাতে র‌্যাব-৩ এর দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- পুলিশের উপপরিদর্শক আজিজুল হক এবং বিডিআরের হাবিলদার রফিকুল ইসলাম এবং পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আব্দুল হাকিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ব্যবসায়ীকে অপহরণ করে স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শনিবার মধ্যরাতে র‌্যাব-৩ এর দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- পুলিশের উপপরিদর্শক আজিজুল হক এবং বিডিআরের হাবিলদার রফিকুল ইসলাম এবং পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আব্দুল হাকিম। প্রথম দু'জনকে মতিঝিল থানা পুলিশ এবং হাকিমকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার খন্দকার মুহিদউদ্দিন। মতিঝিল থানায় দুই ব্যবসায়ীর দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেনের আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ কর্মকর্তা মুহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত করতে গিয়ে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়ায় শনিবার রাতে আজিজুল ও রফিকুলকে মতিঝিল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।" একই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় শনিবার রাতে হাকিমকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গত ৬ সেপ্টেম্বর ভোরে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে মিলন মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে কয়েকজন লোক অপহরণ করে। পরে তার কাছ থেকে স্বর্ণের বার এবং নগদ টাকা সহ প্রায় ১৩/১৪ লাখ টাকার মালামাল নিয়ে খিলগাঁও নিকুঞ্জ এলাকায় ছেড়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়। এর ৬ দিন পর ১৩ সেপ্টেম্বর আজিম উদ্দিন নামে এক মানি চেঞ্জারের কাছ থেকেও প্রায় ১৩ লাখ টাকা নিয়ে নিকুঞ্জ এলাকায় ছেড়ে দেয় বলে আরেকটি মামলা হয়। মামলার পর তদন্ত করতে গিয়ে পুলিশ জামালপুর এলাকা থেকে দু'জনকে গ্রেপ্তার র করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে র‌্যাব সদস্যদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ জানায়। মহানগর আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) এম এ হক জানিয়েছেন, গ্রেপ্তার দুই র‌্যাব সদস্যকে দুপুরের পর ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেনের আদালতে হাজির করা হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক কবির হোসেন সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনায় ইতোপূর্বে গ্রেপ্তার জসিমউদ্দিন ও মোশাররফ হোসেনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সব ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে র‌্যাবের পক্ষ থেকে তারা কোনও সহযোগিতা পাবে না। তাদের ব্যাপারে র‌্যাব কঠোর অবস্থান নেবে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, র‌্যাব -৩ এলাকাটি (মতিঝিল এলাকা) অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া বাণিজ্যিক এলাকার কারণে র‌্যাব সদস্যরা লোভে পড়ে এসব ঘটনা ঘটিয়ে থাকে। এর আগে র‌্যাব- ৩ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শোয়েব আহমেদ গত ২২ জুলাই গ্রেপ্তার হন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/পিবি/আরএ/এমআই/এইচএ/২১২৫ ঘ.