ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের অভিযোগে শাহিনা সুলতানা শান্তার দায়ের করা মামলায় আগাম জামিন চেয়েছেন পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া।
ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) কোহিনূর মিয়ার পক্ষে রোববার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আব্দুল রাজ্জাকের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি করা হয়।
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কোহিনূরের পক্ষে আবেদনটি দায়ের করেন তার আইনজীবী গাজী কামরুল ইসলাম।
গত ৩০ সেপ্টেম্বর কোহিনূর মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শান্তার করা মামলাটি পুনরুজ্জীবিত হয়।
এর আগের দিন শান্তার জবানবন্দি গ্রহণ করে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এমদাদুল হক বাতিল মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
২০০৬ সালের ১২ মার্চ ধানমণ্ডির রাপা প্লাজার সামনে শান্তা পুলিশি নির্যাতনের শিকার হন। সেদিন তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছিলো। শান্তা তখন তার ছেলেকে বিদ্যালয় থেকে নিয়ে বাসায় ফিরছিলেন।
এর দু'দিন পর ১৪ মার্চ শান্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঢাকা মহানগর পুলিশের তখনকার উপ-কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক, উপ-কমিশনার (পশ্চিম) কোহিনুর মিয়া ও কনস্টেবল রুহুল আমীনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে সিআইডি কর্মকর্তা আলী হায়দারী ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
শান্তা ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দাখিল করেন। পুলিশের বিরুদ্ধে তদন্তকারী হিসেবে পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না দাবি করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন নির্যাতিত শান্তা।
কিন্তু তখনকার মহানগর হাকিম শফিক আনোয়ার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাটি সঠিক নয় মন্তব্য করে প্রতিবেদন জমা দেন। পরে শান্তা এতে নারাজি আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন (পুনর্বিবেচনা) আবেদন করেন শান্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24