চুয়াডাঙ্গা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি এলাকায় শনিবার ভোররাতে একটি ইট ভাটার পাশে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
নিহত আব্দুর রশিদ মোল্লা ওরফে মোল্লা রশিদ (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ফয়েজউদ্দিন মোল্লার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, রশিদ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে দাবি করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আহসান হাবিব জানান, পুলিশ গোপন সূত্রে খবর পায়- চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি এলাকায় একটি ইট ভাটায় একদল চরমপন্থী বৈঠক করছে।
শনিবার ভোররাত সোয়া ৩টার দিকে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলিবর্ষণ শুরু করে। পুিলশও পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়।
ওসি জানান, ২০-২৫ মিনিটের এই বন্দুকযুদ্ধে পুলিশ ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। আর চরমপন্থীরা করে ৮-১০ রাউন্ড গুলি। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে মোল্লা রশিদের লাশ, একটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
রশিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গার সাংবাদিক বজলুর রহমানসহ এক ডজন হত্যা মামলা আছে। এর মধ্যে চারটি হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান ওসি আহসান হাবিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24