২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানের মুক্তি চেয়ে দুই মেয়ের সংবাদ সম্মেলন

বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের মুক্তি চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছেন তার দুই মেয়ে। আমানের অসুস্থতার কথা তুলে ধরে তারা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের মুক্তি চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছেন তার দুই মেয়ে। আমানের অসুস্থতার কথা তুলে ধরে তারা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নাফিসা আমান ও নাবিলা আমান। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পরপরই গত ২৯ সেপ্টেম্বর একটি হত্যাপ্রচেষ্টা মামলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমানকে গ্রেপ্তার করে পুলিশ। আমান চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। আমানের বড় মেয়ে নাফিসা বলেন, "গ্রেপ্তারের পর গত দুই দিনে বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের মা ক্যান্সারের রোগী। বাবা গ্রেপ্তার হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। "ফলে তার (মা) শারীরিক অবস্থাও অবনতির দিকে যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি, বাবার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে তাকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করে সুচিকিৎসার ব্যবস্থা করা।" নাফিসা অভিযোগ করেন, কোনও পরোয়ানা ছাড়াই আমানকে গ্রেপ্তার করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমানকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে নাফিসা বলেন, "২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তারের সময়েও বাবার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। গ্রেপ্তারের পর কয়েকটি মামলা দায়ের করা হয়।" সংবাদ সম্মেলনে এক পর্যায়ে কান্না বিজড়িত কণ্ঠে আমানের মেয়ে বলেন, "ওয়ান-ইলেভেনের পর ক্যান্সারের রোগী আমার মাকে অমানবিকভাবে গ্রেপ্তার করে আট মাস কারাগারে রাখা হয়। আমার বাবাকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে। আপনারাই বলুন, রাজনীতিবিদের সন্তান হওয়া কি আমাদের অপরাধ?" সাবেক প্রতিমন্ত্রী আমান ভার্টিগো ও টিনিটাস রোগে আক্রান্ত বলে তার মেয়েরা জানান। তারা বলেন, ২০০৪ সালে এ রোগ ধরা পড়ে। জরুরি অবস্থার সময় ২২ মাস কারাগারে থাকায় রোগটি প্রকট আকার ধারণ করে। গত বছরের ২৭ নভেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর আমান হাইকোর্টের আদেশ নিয়ে চিকিৎসার জন্য গত ৩ জুন সিঙ্গাপুর যান। নাফিসা বলেন, "চিকিৎসা শেষে দেশে ফেরার পর বাবাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। অথচ সিঙ্গাপুরে তার ফলোআপ চিকিৎসার তারিখ নির্ধারিত রয়েছে আগামী ১২ ডিসেম্বর। এ অবস্থায় বাবার জীবন হুমকির মুখে পড়েছে।" সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, কেরানীগঞ্জ ছাত্রদলের সভাপতি রেজাউল করীমসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জের সাবেক সাংসদ আমান ছাত্রদলের সভাপতি ছিলেন। '৯০ এর গণআন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫৩৪ ঘ.