বাগেরহাট, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটে শুক্রবার দু'দিনব্যাপী জ্ঞান উৎসব শুরু হয়েছে।
'জ্ঞান উৎসব ২০০৯, বাগেরহাট হবে ডিজিটাল' শ্লোগান নিয়ে শহরের স্বাধীনতা উদ্যানে সকালে এ উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, অক্ষরজ্ঞান শূন্য লাঙল চালানো কৃষকের হাতে আজ ল্যাপটপ। প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে নিজের প্রয়োজন মেটাতে তারা ল্যাপটপ ব্যবহার করছে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ ৩টি ধাপে বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে ১৮ মাস, দ্বিতীয় ধাপ হবে ৫ বছর এবং পরবর্তী দশ বছরে বাকি কাজ সম্পন্ন হবে।
দু'দিনব্যাপী উৎসবে রয়েছে কম্পিউটারসহ বিভিন্ন ধরনের মেলা, গণিত উৎসব, ওয়াটার রকেট উৎক্ষেপণ, চলচ্চিত্র প্রদর্শনী, দূরবীণে আকাশ দেখাসহ বিভিন্ন প্রতিযোগিতা।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জ্ঞান উৎসবের সেমিনারে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নিয়াজ উদ্দিন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটিআই) প্রকল্পের সমন্বয়কারী মুনির হাসান, বেসরকারি সংস্থা আমাদের গ্রামের নির্বাহী পরিচালক রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাগেরহাট জেলা প্রশাসন এবং প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24