গাইবান্ধা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে গাইবান্ধার পলাশবাড়ী থানার তিন উপ-পরির্দশককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- পলাশবাড়ী থানার এসআই শাহ জালাল ও জুলফিকার আলী এবং হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আখতারুজ্জামান। তাদের জেলার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহাদাত হোসেন শুক্রবার এই বরখাস্তের আদেশ দেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার অভিযোগ এই তিন পুলিশ কর্মকর্তাকে সমায়িক বরখাস্ত করা হয়।
তিনি জানান, জ্বালানির জন্য গোবরের খড়ি শুকানো নিয়ে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল প্রায় ১১টায় পলাশবাড়ী উপজেলার খামারমামুদপুর গ্রামের সুনীল চন্দ্রের স্ত্রী বাসন্তি রানী ও বেলাল হোসেনের স্ত্রী শাহানাজ বেগম ওরফে সাবিনা ইয়াসমীনের মধ্যে ঝগড়া হয়।
এর জের ধরে পরদিন দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এলাকার দুর্গা মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় তিন পুলিশ কর্মকর্তা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24