২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির দাম বাড়ানোয় যশোরে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে চিনি মজুদ ও দাম বাড়ানোর অভিযোগে যশোরের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন এবং শেখ ব্রাদাসসহ কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

যশোর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে চিনি মজুদ ও দাম বাড়ানোর অভিযোগে যশোরের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন এবং শেখ ব্রাদাসসহ কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে দুটি মামলা হয়েছে। রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফ্যাক্সবার্তা পাওয়ার পর কৃষি বিপণন অধিদপ্তরের যশোর জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বাদি হয়ে অভয়নগর থানায় এ মামলা দুটি দায়ের করেন। (আরও তথ্যসহ) মামলা দুটির মধ্যে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের বিরুদ্ধে মামলায় আসামীরা হলেন প্রতিষ্ঠানটির মালিক আব্দুল ওহাব, আনিছুর রহমান (বড়), আনিছুর রহমান (ছোট), আব্দুল ওয়াদুদ, মধুসুদন সাহা, সাজিদ ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক রাজু আহম্মেদ, বাগদাদ ট্রেডিং এর মালিক মো. আমিন ও চিত্র রঞ্জন কুন্ডু। শেখ ব্রাদার্সের বিরুদ্ধে মামলায় আসামীরা হলেন হাফিজুর রহমান বাবু, শফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধুসুদন সাহা, আশা এন্টারপ্রাইজ ও শাহীন ট্রেডার্স। মামলার পরপরই জেলা প্রশাসন, র‌্যাব ও পুলিশের কয়েকটি দল অভিযুক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। যশোরের জেলা প্রশাসক মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাত ১০টায় ফ্যাক্সবার্তা আসার পর ওই দুই আমদানিকারক প্রতিষ্ঠানসহ কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় দুটি মামলা করা হয়।" মামলার বাদি সুজাত হোসেন খান রাত পৌনে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরস্পর যোগসাজশে চিনি মজুদ ও দাম বাড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ২৫/১/খ ধারায় আলাদা দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় সাতজনকে এবং অপর মামলায় আটজনকে আসামী করা হয়।" এর আগে সিন্ডিকেট করে চিনি মজুদ ও দাম বাড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী ব্যবস্থা গ্রহণ, লাইসেন্স স্থগিত ও চিনির দাম নির্ধারণসহ ১৪টি সুপারিশ করে আট পৃষ্ঠার একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় এ সংক্রান্ত তদন্ত কমিটি। বুধবার তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও উন্নয়ন) শেফিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারকে বেকায়দায় ফেলাসহ অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ওই কমিটির প্রতিবেদনে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের মালিক আব্দুল ওহাব, আনিছুর রহমান ও আনিছুর রহমান (২), শেখ ব্রাদার্সের রফিকুল ইসলাম, ফসিয়ার রহমান এবং সাত ডিও ব্যবসায়ীকে সিন্ডিকেট করে চিনির কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে অভিযুক্ত করা হয়। তদন্ত কমিটির প্রধান শেফিনা বেগম জানান, তদন্তে এ সিন্ডিকেটের সঙ্গে মাহবুব ট্রেডার্স, শাহনেওয়াজ ট্রেডার্স, মধুসুদন সাহা ট্রেডার্স, স্বাধীন ট্রেডার্স ও বাগদাদ ট্রেডিং জড়িত বলে প্রমাণ মিলেছে। গত ২৬ সেপ্টেম্বর র‌্যাব, পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি যৌথ দল অভয়নগরে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন ও শেখ ব্রাদার্সের চারটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৭৪ হাজার বস্তা চিনি জব্দ করে। এর পর সেফিনা বেগমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক মহিবুল হক। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জাকির হোসেন ও কৃষি বিপণন অধিদপ্তরের যশোর জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান। নির্ধারিত সময়ে তদন্তকাজ শেষ না হওয়ায় একদিন বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত কাজ করে কমিটি। বুধবার সন্ধ্যায় ফ্যাক্সবার্তায় তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১৪১ঘ.