২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে জৈব চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে'

বাংলাদেশে জৈব চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এর চাষ করে দেশের ক্ষুদ্র খামারীরা লাভবান হতে পারে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে জৈব চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এর চাষ করে দেশের ক্ষুদ্র খামারীরা লাভবান হতে পারে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্লোবাল অ্যাকুয়াকালচার অ্যালায়েন্সের চেয়ারম্যান জর্জ চ্যাম্বারলেইন বলেন, পরিবেশগতভাবে বাংলাদেশে জৈব চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। অন্যান্য চিংড়ির তুলনায় এর দাম বেশি হওয়ায় এর চাষ লাভজনকও। বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে 'বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনের এক ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশে সীমিত আকারে জৈব চিংড়ির চাষ হচ্ছে জানিয়ে চ্যাম্বারলেইন বলেন, "জৈব চিংড়ি চাষের সুবিধা অনেক। এদের রোগ কম হয় এবং আন্তর্জাতিক বাজারে দামও বেশি। বাংলাদেশের ক্ষুদ্র খামারীরা জৈব চিংড়ির চাষ করে তা বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারে। পানি ও খাদ্যে কোনও ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব চিংড়ি চাষ করতে হয়। এর ফলে চিংড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর উপদানের উপস্থিতি এড়ানো যায়। এদিকে কর্মশালার সমাপনী অধিবেশনে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ঘোষণা দেন, ইউরোপে আবার গলদা চিংড়ি রপ্তানি শুরুর সব প্র্স্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের গলদা চিংড়িতে ক্ষতিকর নাইট্রোফুরান-এর উপস্থিতি সনাক্ত হওয়ার পর গত ১৯ মে থেকে ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গলদা চিংড়ি রপ্তানি বন্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে গলদা চিংড়ি রপ্তানি অব্যাহত আছে। নাইট্রোফুরান প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে লতিফ বিশ্বাস বলেন, "বিদেশ থেকে আমদানি করা বোন মিট মিল এবং ফিড মিল এর মধ্যেই নাইট্রোফুরান পাওয়া গেছে। এ ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। " পরবর্তীতে এসব খাদ্য আমদানির সময় নাইট্রোফুরান নেই এমন পরীক্ষার সনদপত্র দেখানোর বিধান করা হচ্ছে বলেও তিনি জানান। মন্ত্রী আরো বলেন, "চিংড়ি রপ্তানিকারকরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা পুরোদমে চিংড়ি রপ্তানি শুরু করবেন।" ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৫৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে এই রপ্তানির পরিমাণ ২০ দশমিক ৮৩ শতাংশ এবং তা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৮৯ শতাংশ কম। বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে রপ্তানি করা চিংড়ির ৬৫ শতাংশ নোনা পানির বাগদা এবং বাকীটা স্বাদু পানির গলদা। এই চিংড়ির বেশিরভাগই রপ্তানি হয় ইউরোপে। ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাংলাদেশ শ্রিম্প এবং ফিশ ফাউন্ডেশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও মার্কেট ডেভেলপমেন্ট ফোরাম যৌথভাবে দুদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০০৩ ঘ.