মৌলভীবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের পুটিয়াছড়া থেকে বৃহস্পতিবার মকবুল হোসেন (২৩) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মকবুল সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের করইতলায় আবুল হোসেনের ছেলে। তিনি সবজি বিক্রি করতেন।
নিহতের ভাই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "মকবুল বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। আজ (বৃহস্পতিবার) লোকমুখে খবর পেয়ে পুটিয়াছড়ায় ( পাহাড়ী ছড়া ) গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করি।"
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি দেলোয়ার।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মকবুলকে জবাই করে হত্যা করা হয়েছে। তার মাথা এবং বাম হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই মুজিবুর বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24