ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলী এলাকা থেকে বুধবার রাতে জঙ্গি সন্দেহে এমদাদুল্লাহ ওরফে মাহবুব (২৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত একটার দিকে গাবতলী থেকে এমদাদুল্লাহ নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটক মাহবুব একাধিক ছদ্মনাম ব্যবহার করে বলেও জানান ওয়ালিদ হোসেন।
পুলিশের পক্ষ থেকে এক মোবাইল ফোন বার্তায় সাংবাদিকদের জানানো হয়, গ্রেপ্তার মাহবুব জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সদস্য।
তবে অভিযানের সঙ্গে জড়িত গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাহবুব পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হুজি ও ভারতের আসিফ রেজা কমান্ডো ফোর্সের সদস্য হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সে ২০০৬ সালে বাংলাদেশে আসে। এরপর থেকে সে বিভিন্ন জায়গায় কাজ করেছে। পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে মাহবুব জানিয়েছে।
এর আগে গত জুলাই মাসে জঙ্গি সন্দেহে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/০২৩০ঘ.
bdnews24