সিলেট, জানয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ড. কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের আদলে শিক্ষানীতি প্রণয়নের জন্য আমরা কাজ করছি।"
শনিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।"
জাতির মধ্যে জাগরণ সৃষ্টির মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার সকল প্রতিবন্ধকতা দুর করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়ে সাহায্য করার আশ্বাস দিয়ে তিনি বলেন, "কোনো রকম ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। জনগণের সম্পদ নিয়ে কেউ টানাহেঁচড়া করতে পারবে না। করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে মন্ত্রিত্ব থাকুক আর নাই থাকুক তার পরোয়া করি না।"
বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সকল সমস্যা তার কাছে লিপিবদ্ধ আছে উল্লেখ করে পর্যায়ক্রমে সবগুলো দূর করার আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি বলেন, "শিগগিরই বিয়ানীবাজার-গোলপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। সওদাখাল বেইলি ব্রিজের নির্মাণ, শেওলা-জকিগঞ্জ সড়ক ও বৈরাগীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের কাজ, পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ এ মাসেই শুরু করা হবে।"
এছাড়া বিয়ানীবাজার বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
সংবর্ধনার মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পৌর আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জামাল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন, ভাইস চেয়ারম্যান রুমা চক্রবর্তী, আবুল কাশেম পল্লব প্রমুখ।
গণসংবর্ধনা শেষে শিক্ষামন্ত্রী সন্ধ্যায় তিনি বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24