২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, বিএসএফকে দোষারোপ

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহিন (২৬) দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

সাতক্ষীরা, জানুয়ারী ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাতক্ষীরার দেবহাটা সীমান্তে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহিন (২৬) দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ দা দিয়ে কুপিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে। শুক্রবার উপজেলার হাড়দ্দহা সীমান্তে ইছামতি নদী থেকে শাহিনের লাশ উদ্ধার করা হয়। শাহিনের সঙ্গী গোলাম হোসেনকে আহত অবস্থায় অন্যরা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে। শাহিনের ফিরে আসা সঙ্গীদের বরাত দিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ জানুয়ারি শাহিন, গোলাম হোসেনসহ ১০/১২ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার রাতে তারা গরু নিয়ে সাঁতরে ইছামতি পাড়ি দিয়ে দেশে ফেরার সময় ভারতের পানিতর ফাঁড়ির বিএসএফ জওয়ানরা শাহিন ও গোলাম হোসেনকে ধরে ফেলে। পরে বিএসএফ জওয়ানরা তাদের দা দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয়। রাতেই অর্ধমৃত গোলাম হেসেনকে তার সঙ্গীরা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি পাঠায়। নিখোঁজ শাহিনের লাশ শুক্রবার বিকালে ইছামতি নদীতে ভাসতে দেখে বিডিআর। পরে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়ানের কর্মকর্তা মেজর শামিম রেজা লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। বিডিআর-বিএসএফ বৈঠক শুক্রবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিডিআর ও বিএসএফ'র ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তা মেজর আলমগীর দেওয়ান। সকাল ১১টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত সীমান্তের কালিন্দী নদীতে নৌকায় অনুষ্ঠিত এ বৈঠক সার পাচার রোধ, চোরাচালান, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিডিআর'র নেতৃত্ব দেন ৭ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান। বিএসএফ'র নেতৃত্বে ছিলেন- ১৬ ব্যাটেলিয়নের অধিনায়ক ভরত কৌশিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.