২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠে লাখো মুসল্লির জুমা আদায়

দিল্লী জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিমের আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ইজতেমা মাঠে লাখো মুসল্লি আদায় করেন জুমার নামাজ। জুমার নামাজা আদায় করতে গাজীপুর, টঙ্গী, ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে ভিড় করেন। দুপুর ১২ টার দিকেই মাঠ ভরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

টঙ্গী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দিল্লী জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিমের আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ইজতেমা মাঠে লাখো মুসল্লি আদায় করেন জুমার নামাজ। জুমার নামাজা আদায় করতে গাজীপুর, টঙ্গী, ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে ভিড় করেন। দুপুর ১২ টার দিকেই মাঠ ভরে যায়। ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিরা আশপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে ১২ টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। মহাসড়কের উত্তরে গাজীপুরা ও দক্ষিণে কবি জসীমউদ্দীন সড়কে নেমে মুসল্লিরা হেঁটে ময়দানের উদ্দেশ্যে রওনা হন। তবে মুসল্লিদের অধিকাংশই ময়দানের আশপাশে পৌঁছাতে পারেননি। মহাসড়কেই তাঁরা জুমার জায়ামাতে দাঁড়িয়ে যান। কিন্তু মাঠের বাইরে মাইক না থাকায় নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। দুপুর দেড়টায় লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও সাংসদ জাহিদ আহসান রাসেল মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। জুমা'আর নামাজ শেষে মুসল্লিরা একযোগে টঙ্গী ছাড়ার চেষ্টা করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালীগঞ্জ, আব্দুল্লাপুর-আশুলিয়া সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ইজতেমা মাঠ থেকে চারদিকে অন্তত পাঁচ কিলোমিটার হেঁটে যানবাহনে উঠতে হয় মুসল্লিদের। বিকেল ৩টা পর্যন্ত এ অবস্থা চলার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ইজতেমার নিয়ন্ত্রণ কক্ষে আসেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চান এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "ইজতেমার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" ইজতেমার সময় ট্রাফিক ব্যবস্থা অনুকুলে রাখতে স্থায়ী কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও তিনি জানান। বয়ান শুক্রবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে ইজতেমার সূচনা হলেও বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই বয়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। শুক্রবার ফজরের পর দিল্লীর মাওলানা ইব্রাহিমের উর্দূ বয়ান বঙ্গানুবাদ করেন মাওলানা ওমর ফারুক। এছাড়া জুমার নামাজের পর বাংলাদেমের মাওলানা মোহাম্মদুল হক, আসরের নামাজের পর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের এবং মাগরিবের পর দিল্লীর মাওলানা এনামুল হক বয়ান করেন। বয়ানে মাওলানা মোহাম্মদুল হক বলেন, "ঈমানের তিন শর্ত। এগুলো হলো মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা।" তিনি বলেন, "তোতা পাখির মত কালিমা মুখে আওড়ালেই ঈমানদার হওয়া যায় না। সর্বশক্তিমান আল্লাহ্ জাল্লে জালালুহু- অর্থাৎ যা চান তাই করতে পারেন। তার বড়ত্বের সীমা পরিসীমা নাই। যে মুমিনের আল্লাহ আছেন তার আর কিছুর অভাব নেই।" জনদুর্ভোগ জুমার নামাজের আগে মুসল্লিরা গোসল ও অজু করতে গিয়ে দুর্ভোগে পড়েন। এবার স্থায়ী অজু ও গোসল খানার সংখ্যা বাড়ানো হলেও মুসল্লিদের সংখ্যার তুলনায় তা একেবারেই অপ্রতুল। বিশেষ করে দুপুরে খাবার আগে ও নামাজের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এজন্য মুসল্লিদের উদ্দেশ্যে মাইক দিয়ে বার বার অজু বেশি সময় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। মুসল্লিরা জানান দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রান্না ও খাবার পানি সংগ্রহ করতে হয়েছে। তবে সব সময় পাইপ লাইনে পানি ছিল বলে তারা স্বস্তি প্রকাশ করেন। এ ছাড়া ইজতেমা মাঠের ধূলা মুসল্লিদের অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এক মুসল্লির মৃত্যু জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার প্রয়াত জসিম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৭০) শুক্রবার ভোরে ইজতেমা মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সকাল ১১টার দিকে ইজতেমা মাঠের অদূরে কামার পাড়া এলাকায় পারভীন আক্তার (৪৫) নামে এক মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দুইজনের নামাজে জানাজা দুপুরে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা বেশি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০৪ জন মুসল্লি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ ৪৫ জন। চিকিৎসকরা জানিয়েছেন, ১৪ জন রোগীকে ঢাকায় স্থানান্তর এবং ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক এবং ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন বলে তারা জানান। পকেটমারের উৎপাত জুমার নামাজ আদায় করতে এসে অন্তত পাঁচ হাজার মুসল্লি তাদের মোবাইল ফোন সেট খুইয়েছেন বলে দাবি করেন টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী নুরুল ইসলাম। তিনি বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত শুধু তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হারানো মোবাইল ফোনের সিম উত্তোলনের প্রক্রিয়া করেন দুই শতাধিক মুসল্লি। টঙ্গী থানার পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত তারা ৪৯ জন পকেটমারকে হাতে নাতে ধরতে পেরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.