সাভার, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাভারের খাগান এলাকার একটি কারখানায় রুহুল আমিন (৪৫) নামে একজন কর্মচারী খুন হয়েছেন। মাথায় ও পেটে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পান্না টেক্সটাইলস্ নামের ওই কারখানার একটি কক্ষ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করা হয়। রুহুল আমিন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নিগুয়ারী এলাকার আব্দুল খালেকের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শুক্রবার যে কোন সময় মাথায় ও পেটে ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
তিনি জানান, রুহুল আমিনের স্ত্রী নাজমা বেগম সাভার থানায় একটি হত্যা মামলা করেছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24