ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শ্বশুর বাড়ি বগুড়ার বাগবাড়ি যাচ্ছেন। সেখানে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের গ্রামের বাড়ি।
শনিবার সকালে সড়ক পথে বাগবাড়ি যাবেন বিএনপি চেয়ারপার্সন। সর্বশেষ সংসদ নির্বাচনে প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১৭ ডিসেম্বর বাগবাড়ি গিয়েছিলেন তিনি ।
বিরোধী দলীয় নেতা দুপুরে বাগবাড়ির শহীদ জিয়া মহাবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা এবং বিকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। খালেদা জিয়া দুপুরের খাবার খাবেন শ্বশুড়বাড়িতে।
বিএনপি চেয়ারপার্সনের প্রচার সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, ''শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খালেদা জিয়া শনিবার সকালে সড়কপথে বগুড়া যাচ্ছেন।"
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি গাবতলীর বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
খালেদা জিয়া নবম সংসদ নির্বাচনে বগুড়ার যে দু'টি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে গাবতলী একটি। পরে তিনি ফেনীর আসনটি রেখে বগুড়ার আসন দু'টি ছেড়ে দেন।
বগুড়া প্রতিনিধি জানান, গাবতলী আসনে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে প্রার্থী করার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি সমর্থকদের একটি সংগঠন।
কয়েকটি দুর্নীতি মামলার অভিযোগে অভিযুক্ত তারেক রহমান কয়েকমাস ধরে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/টিআর/এসকে/১৯২০ঘ.
bdnews24