নরসিংদী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নরসিংদীতে ট্রাক চালক ও তার সহকারীকে খুন করে মালামালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তারকৃত সাতজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানায়, মূলত ট্রাক ছিনতাই করার জন্য চালক ও তার সহকারীকে তারা হত্যা করেছে।
এরা হলেন- নজরুল, মামুন, শরীফ, হোসেন, শহিদ, আজিজ ও মালামাল ক্রয়কারী আলমগীর।
গত ১৯ জানুয়ারি রাতে ঢাকা-চরসিন্দুর সড়কের নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের মুল পাড়ায় ট্রাক চালক নয়ন ও তার সহকারী আলীমকে হত্যা করে কলাবাগানে লাশ ফেলে রেখে মালামালসহ ট্রাক নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নজরুল, মামুন ও শরীফকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হোসেন, চট্টগ্রাম থেকে মহিদ ও আজিজ এবং ফটিকছড়ি থেকে ট্রাক ও মালামাল ক্রয়কারী আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24