২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে স্টেডিয়াম প্রতিষ্ঠায় সহযোগিতা দেওয়া হবে: আইন প্রতিমন্ত্রী

আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম খেলাধুলার মানোন্নয়নে কেরানীগঞ্জে স্টেডিয়াম প্রতিষ্ঠায় 'সর্বাত্মক সহযোগিতার' আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণের চিন্তাভাবনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কেরানীগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম খেলাধুলার মানোন্নয়নে কেরানীগঞ্জে স্টেডিয়াম প্রতিষ্ঠায় 'সর্বাত্মক সহযোগিতার' আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণের চিন্তাভাবনা করছে। প্রতিমন্ত্রী শুক্রবার কেরানীগঞ্জের কালিন্দি মাঠে ঢাকা হাসপাতাল কেরানীগঞ্জ ক্রিকেট লীগ '২০০৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। কামরুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ থেকে অনেক ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা দক্ষ ও মেধাবী ক্রীড়াবিদদের ক্রীড়াঙ্গনে প্রবেশের সুযোগ করে দেওয়ার তাগিদ দেন তিনি। এবারের লীগে প্রথম ও দ্বিতীয় বিভাগে মোট ৫২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কালিন্দি ক্রীড়াচক্র এবং শেখবাড়ী মাসুদ একাদশ পরস্পরের মুখোমুখি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ নসরুল হামিদ বিপু, সাবেক সংসদ সদস্য মোস্তফা মোহসিন মন্টু, কেরানীগঞ্জ ক্রিকেট লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন লাট এবং টুর্নামেন্ট সেক্রেটারী আলী হোসেন। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পৃষ্ঠপোষক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯০৪ঘ.