২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গির তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে তাবলিগ জামাত আয়োজিত ৪৫ তম বার্ষিক বিশ্ব ইজতেমা। এই ইজতেমা চলবে তিন দিন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে আগামী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

শুক্রবার ফজরের নামাজরে পর আ'ম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সূচনা হয়।

তিনদিনের কর্মসূচির মধ্যে আছে, আম ও খাস বয়ান, ছয় উছুলের হকিকাত, দরসে কোরআন, তাশকিল, নতুন চিল্লা তৈরি, বিদেশে জামাত প্রেরণ ও যৌতুকবিহীন বিয়ে। এসব কর্মসূচি পালনে পুরো প্যান্ডেলকে ৩২টি খেত্তায় ভাগ করে তাতে তাশকিল কামরা, তাবওয়ালি জামাত ও জুড়নেওয়ালি জামাত কামরা তৈরি করা হয়েছে। সম্ভাব্য বয়ানপেশকারীদের নাম অজানা রেখে দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, যা প্রচার নিষিদ্ধ।

এবারের বিশ্ব ইজতেমায় বাংলাদেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন, মালদ্বীপ, সৌদি আরবসহ ৯০টি দেশের ৫ হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দিচ্ছেন।

ইজতেমায় আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে সেখানে আইন শৃংখলা রক্ষা বাহিনীর ১০ হাজার সদস্য নিয়োজিত রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানিয়েছেন, ইজতেমা মাঠে প্রবেশ থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত যেতে মুসল্লিদের নিরাপত্তার পাঁচ স্তর অতিক্রম করতে হবে। তবে মুসল্লিরা যাতে তল্লাশির নামে হয়রানির শিকার না হন সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

তাবলীগ জামাতের মজলিসে সুরা ১৯৬৭ সাল থেকে বর্তমান স্থানে প্রতিবছর ইজতেমার আয়োজন করে আসছে। তাবলীগের অনুসারী দেশ বিদেশের লাখো মুসল্লি প্রতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সম্মেলনে যোগ দিচ্ছেন।

দেড় শতাধিক একর এলাকায় বাঁশ ও চটের ছাউনি ঘেরা মাঠে লাখো মুসল্লি সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মগ্ন রয়েছেন। শুক্রবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হলেও বয়ান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই।

তাবলিগ জামাতের মুরুব্বিরা জানিয়েছেন, এবার পাশ্চাত্যের দেশগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক (১৬৮৩ জন) মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন।

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলায় মুসল্লিদের চলাচল সহজ ও সাবলীল হয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে ৮ হাজার পুলিশ, একশ' বিডিআর, ৬৬০ জন আনসার ও ৮০০ র‌্যাব সদস্য কাজ করছে। এর বাইরে ইজতেমা মাঠের ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে গাজীপুর ও মহানগর পুলিশের হাজারো সদস্য। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ডিজিএফআই সদস্যরাও নজরদারি করছেন।

র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৪৮টি সিসিটিভি বসানো হয়েছে ইজতেমা স্থলে। এর মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষে বসেই মাঠের প্রতিটি কোণের ওপর নজরদারি সম্ভব হচ্ছে। র‌্যাবের দুটিসহ নয়টি পর্যবেক্ষণ টাওয়ারে দূরবীক্ষণ যন্ত্র চোখে সতর্ক দৃষ্টি রাখছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। দুটি হেলিকপ্টার টহল দিচ্ছে ইজতেমা মাঠের ওপরের আকাশে।

গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, মাঠের ৩২টি খেত্তার প্রতিটিতে মুসল্লিদের সঙ্গে মিশে সাদা পোশাকে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন পুলিশ কর্মকর্তারা।

মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন

ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য বৃহস্পতিবার থেকে টঙ্গীতে চলাচল করছে বিশেষ ট্রেন। আগামী ২ ফেব্র"য়ারি পর্যন্ত এই ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ইজতেমা উপলক্ষে ৪২টি ট্রেন চলবে। এছাড়া সকল আন্তঃনগর ট্রেন টঙ্গী জংশনে থামবে। প্রত্যেকটি ট্রেনে ইজতেমার যাত্রী চলাচলের সুবিধার্থে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে।

এছাড়া ইজতেমা মাঠে টঙ্গী পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৫০টি বিআরসিটি বাস চলবে।

মুসল্লিদের স্বাস্থ্যসেবা

ইজতেমায় আগত মুসল্লীদের স্বাস্থ্য সেবা দিতে ৫০ শয্যার টঙ্গী সরকারী হাসপাতালের আরও ৫০টি শয্যা বাড়ানো হয়েছে। হাসপাতালে হৃদরোগ, বার্ণ ইউনিট, অ্যাজমা বিভাগ চালু করা হয়েছে। ২৪টি অ্যাম্বুলেন্স রোগীদের আনা নেওয়া করবে। এর বাইরে মুন্নু টেক্সটাইল মিলের মাঠে ৩৫টি ফ্রি মেডিকেল সেন্টার চালু করেছে বিভিন্ন সংগঠন।

পানি ও পয়ঃনিষ্কাশন

ইজতেমায় মুসল্লিদের খাবার পানি, অজু ও শৌচাগারের স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। মাঠের উত্তর পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯টি দোতলা ভবন করেছে। এগুলোতে এক সঙ্গে ১৮ শ' ৭২ জন মুসল্লি অজু, গোসল ও প্রাত্যহিক কাজ সারতে পারবেন।

এ ছাড়া বিদেশি মেহমানদের ছাউনি সংলগ্ন এলাকায় আরেকটি দোতলা ভবন নির্মাণ হয়েছে। এখানে শুধু বিদেশি মেহমানরা অজু গোসল সারবেন। মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অজু ও শৌচাগারের এ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মেহেরপুর থেকে আসা মুসল্লি ইনতাজ মিয়া (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠের দক্ষিণ প্রান্তে পাকা টয়লেটের সুবিধা না থাকায় অনেকটুকু হেঁটে প্রত্যেহিক কাজ সারতে হয়।

টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান জানান, ইজতেমায় এবার ঝূলন্ত উন্মুক্ত কাঁচা পায়খানা নেই। এ জন্য পরিবেশও তুলনামূলক ভাল।

তিনি আরও বলেন, "ইজতেমা মাঠে এক সেকেন্ডের জন্যও যাতে লোড শেডিং না হয় সেটা নিশ্চিত করা হয়েছে।"

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ইজতেমা মাঠে এসে মন্ত্রণালয়ের কর্মীদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বয়ান শুরু

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বয়ান। বয়ানে তাবলিগের মুরব্বিরা ছয় উসুল কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মোসলেমিন, সহ্ীহ নিয়ত এবং দাওয়াত ও তাবলিগের ওপর বয়ান করেন।

শুক্রবার তাবলিগ জামাতে কে, কখন ও কী বয়ান করবেন তা তাবলিগের মজলিসে সূরার সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন বলে ইজতেমার মুরুব্বিরা জানিয়েছেন। বুধবার আর্ন্তজাতিক নিবাসে সূরা সদস্যদের এই বৈঠক হয়।

কোন খিত্তায় কোন জেলার মুসল্লি

ইজতেমা মাঠের শৃঙ্খলা রক্ষা করতে মাঠকে ৩২ ভাগে (খিত্তা) ভাগ করা হয়েছে। প্রতিটি খিত্তায় একাধিক জেলার মুসল্লি অবস্থান নেবে। ইজতেমা মাঠের প্রবেশ পথে তাবলিগের স্বেচ্ছাসেবীরার মুসল্লিদের খিত্তার নম্বর ও অবস্থানসহ প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

ময়দানে মুসল্লিদের অবস্থান চিত্র নিম্নরূপ:

এক নম্বর খিত্তায় ঢাকা হালকা নম্বর ১-২১, নবাবগঞ্জ থানা, ২ নম্বর খিত্তায় ঢাকা হালকা নম্বর ২২-৪২, কেরানীগঞ্জ থানা, ৩ নম্বর খিত্তায় ঢাকা হালকা নম্বর ৪৩-৬৩, ধামরাই থানা, ৪ নম্বর খিত্তায় ঢাকা হালকা নম্বর ৬৪-৮৪, দোহার থানা, ৫ নম্বর খিত্তায় ঢাকা হালকা নম্বর ৮৫-১০৭, সাভার থানা, ৬ নম্বর খিত্তায় টাঙ্গাইল, ৭ নম্বরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা, ৮ নম্বরে পাবনা, ৯ নম্বরে সিরাজগঞ্জ, ১০-এ বগুড়া, জয়পুরহাট, ১১-এ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, ১২-এ রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, ১৩ নম্বর খিত্তায় যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, ১৪ নম্বরে মুন্সীগঞ্জ, ১৫ নম্বরে নারায়ণগঞ্জ, ১৬ নম্বরে নরসিংদী, ১৭ নম্বরে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ১৮ নম্বরে ভোলা, ১৯ নম্বর খিত্তায় বরগুনা, পটুয়াখালী, ২০ নম্বর খিত্তায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ২১ নম্বরে ময়মনসিংহ, ২৪ নম্বরে কুষ্টিয়া, মেহেরপুর, চূয়াডাঙ্গা, ২৩ নম্বরে ময়মনসিংহ, ২৪ নম্বর খিত্তায় নেত্রকোনা, ২৫ নম্বরে কিশোরগঞ্জ, ২৬ নম্বরে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ২৭ নম্বর খিত্তায় শরীয়তপুর, মাদারীপুর, ২৮ নম্বর খিত্তায় গাজীপুর, মানিকগঞ্জ, ২৯ নম্বরে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ৩০ নম্বর খিত্তায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ৩১ নম্বরে নোয়াখালী ফেনী, লক্ষীপুর এবং ৩২ নম্বর খিত্তায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এক বানীতে বলেন, '' ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের সুমহান আর্দশ সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। বাংলাদেশ বিশ্ব ইজতেমার এ মহা আয়োজন ইসলামের আদর্শ এবং কোরআন ও সুন্নাহ'র শিক্ষাকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। মুসল্লিম বিশ্বে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে ও বিশ্ব ইজতেমার গুরত্ব অপরিসীম।'' একই সঙ্গে আগত মুসল্লিদের মোবারকবাদ জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে বিশ্ব ইজতেমার সকল কর্মসূচির সাফল্য কামনা করেছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্ব ইজতেমার সাংবাৎসরিক ধর্মীয় মহাসমাবেশ ও আখেরি মোনাজাত আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ, গৌরবজনক ঘটনা।" তিনি বলেন, 'মর্যাদাপূর্ণ এই বিশাল সমাবেশ আয়োজনে আমাদের উপর মুসলিম উম্মাহর আস্থায় আমরা আনন্দিত ও গৌরবন্বিত।' ইসলামের সর্বজনীন শান্তি, সহমর্মিতা, সততা ও উদারতার মর্মবাণী প্রচার ও প্রসারে বিশ্ব ইজতেমা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসীর ইহলৌকিক সুখ, শান্তি ও কল্যাণসহ পরকালের মুক্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর বিকাশ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

খালেদা ও দেলোয়ারের বাণী

বিশ্ব ইজতেমা উপলক্ষে সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, ইজতেমায় বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদরা ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলামের মর্মবাণী প্রচার এবং ইসলামী অনুশাসনের প্রতি মানুষকে অধিকতর আকৃষ্ট করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে অনুপ্রাণিত করবেন।

তিনি বলেন, "মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে বিশ্ব ইজতেমার গুরুত্ব অপরিসীম। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের এই মিলন মেলা সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে বিশ্ব শান্তি ও সুস্থিতি রক্ষায় ব্যাপক অবদান রেখে আসছে। আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।"

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসার এবং ইসলামী অনুশাসনের প্রতি মানুষকে অধিকতর আকৃষ্ট করতে বিশ্ব ইজতেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রতি বছর তুরাগ নদীর পাড়ের এই ইসলামী মহামিলন মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যরে বন্ধনকে সুদৃঢ় করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রেখে চলেছে।"