ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক সমাজে নেতৃত্ব দেওয়ার মতো করে নিজেদের গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউয়ান টি লী।
এজন্যে জনগণের সঙ্গে যোগাযোগের বিষয়টি রপ্ত করার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলায়তনে 'ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন এ গ্লোাবালাইজড ওয়ার্ল্ড' শীর্ষক এক বক্তৃতায় তাইওয়ানের এই নোবেল বিজয়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
ইউয়ান টি লী বলেন, "এশিয়ার শিক্ষা ব্যবস্থায় কিছু একটা গলদ রয়েছে যার জন্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা কমে যাচ্ছে। স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহ বোধ করে।"
শিক্ষার্থীদের উদ্দেশে লী আরও বলেন, "মুখস্থ বিদ্যা এখন আর কাজে আসবে না। তোমাদের আরও বেশি বেশি জানতে হবে, হতে হবে সৃজনশীল। শিক্ষার্থীদেরই ভবিষ্যতে নেতৃত্বে আসার জন্যে প্রস্তুতি নিতে হবে।"
নতুন নতুন বিষয়ে জ্ঞান আহরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, "এখন মুখস্থ করে সমাধান খোঁজার দিন শেষ। আমাদের ভবিষ্যতে সমস্যা সমাধানের জন্য শিক্ষিত হতে হবে। এমন সমস্যা সমাধান করতে হবে, যা আগে কেউ কখনও করেনি।"
এখন বিশ্ব অর্থনীতি পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে টি লী জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে।
এই নোবেল বিজয়ী বলেন, "আমরা একটি উন্নত বিশ্বে বসবাস করছি। কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করে, স্বচ্ছন্দে থাকতে পারি সে বিষয় খুঁজে বের করতে হবে। বর্তমান দশকে অর্থনীতি নাটকীভাবে পরিবর্তি হচ্ছে। আমরা ধাবিত হচ্ছি জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে। আমাদের নির্ভর করতে হবে অ্যাডাপটিবিলিটি, ফ্ল্যাক্সিবিলিটি ও ক্রিয়েটিভিটির ওপর।"
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিদ্যা বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ রসায়ন কংগ্রেস-এর সভাপতি এ জে মাহমুদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অনেক এই নোবেল বিজয়ী বক্তৃতা শোনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/ ০১১৭ ঘ.
bdnews24