২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যু: ৬ চিকিৎসককে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্নার চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর মামলায় গুলশানের ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্নার চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর মামলায় গুলশানের ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার ওই ছয় চিকিৎসক বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া এবং বিচারপতি দেলোয়ার হোসেনের বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত আত্মসমর্পণের এ আদেশ দেন। চিকিৎসক ছয়জন হচ্ছেন- এনায়েত হোসেন, জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, মোমেনুজ্জামান, খন্দকার মাহাবুব সোহাইল, ফাতেমা এবং মাইনুল ইসলাম মজুমদার। এর আগে বুধবার এ ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। হাইকোর্ট বৃহস্পতিবার বলেছে, তারা (চিকিৎসকরা) নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ওই আদালত তাদের জামিনের আবেদন বিবেচনা করবে। উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে বিচারক বলেন, "আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা রোগী দেখার সময় মনোযোগ দেন না। আপনাদের কর্মকাণ্ডের জন্য সমবেদনা জানানো উচিত নয়।" বিচারক আরো বলেন, "স্বাস্থ্য খাতে ভয়াবহ বিশৃঙ্খলা চলছে।" চিকিৎসকদের পক্ষে জামিনের আবেদনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন মান্না গত বছরের ১৭ ফেব্র"য়ারি বুকে ব্যথায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ সময় পরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন। চিকিৎসক আসার আগে তার মৃত্যু হয়। মৃত্যুর সাত মাস পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মান্নার স্ত্রীর বড় ভাই রেজা কাদের বাদী হয়ে অবহেলাজনিত হত্যার মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এজে/এসকে/১৬২৫ঘ.