২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক চোরাচালান মামলায় তিন জেলায় সাতজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মাদক চোরাচালান মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজন এবং মাগুরায় দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পটুয়াখালীতে দু'টি পৃথক মাদক মামলায় চারজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক চোরাচালান মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজন এবং মাগুরায় দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পটুয়াখালীতে দু'টি পৃথক মাদক মামলায় চারজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, মাদক চোরাচালান মামলায় বুধবার মোজাহার আলী (৩০) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা। মোজাহার আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর-বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে। এ মামলার অপর আসামি একই এলাকার সাইদুর রহমানের (৩১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত তাকে বেকসুর খালাস দেয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৬ ডিসেম্বর রাতে র‌্যাবের একটি দল মোজাহার ও সাইদুরকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় মোজাহারের কাছ থেকে র‌্যাব ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। ওইদিনই র‌্যাব এ দু'জনকে সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এ মামলায় র‌্যাবের উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম ২০০৮ সালের ১৪ জানুয়ারি অভিযোগপত্র দেন। মাগুরা প্রতিনিধি জানান, মাদক চোরাচালান মামলায় বুধবার দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাগুরার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নাজির আহমেদ। এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলাল হোসেন ও আব্দুর কাদের ব্যাপারী। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ মার্চ রাতে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টারমিনাল থেকে পুলিশ এ দু'জনের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা সাত লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন রাতে সদর থানার উপ-পরিদর্শক সুনিল চৌধুরী একটি মামলা করেন। আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। পটুয়াখালী প্রতিনিধি জানান, দু'টি পৃথক মাদক মামলায় পটুয়াখালীতে চারজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস বুধবার একসঙ্গে এ দু'টি মামলার রায় ঘেষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- হায়দার হোসেন (৩২), কাজী রাশেদ হোসেন, মো. জাহিদ হোসেন ও সোহেল রানা। একটি মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৯ আগস্ট বিকেল ৫টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হায়দার হোসেন (৩২) কে আটক করে র‌্যাব সদস্যরা। ওইদিনই র‌্যার-৮ এর উপ-পরিচালক আবদুল মান্নান বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩১ আগস্ট হায়দারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। অপর মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সনের ২৩ মার্চ পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকা থেকে র‌্যাব কাজী রাশেদ হোসেনের ঘর থেকে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং তার সহযোগি মো. জাহিদ হোসেন ও সোহেল রানাকে আটক করা হয়। ওইদিনই র‌্যাব-৮ এর উপ-পরিচালক মুরাদ মাহমুদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন। একতই বছরের ২৮ এপ্রিল পুলিশ এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.