২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করতে বললেন অধ্যাপক আনোয়ার

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে একটি অগ্র পদক্ষেপ হবে তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে একটি অগ্র পদক্ষেপ হবে তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনীটি বাতিল করা। অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, প্রয়োজন নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন এবং অর্থবহ করা। বুধবার 'গণতান্ত্রিক রাষ্ট্র এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা' শীর্ষক এক স্মারক বক্তৃতার মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ কথা বলেছেন। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ জাতীয় যাদুঘরে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ স্মারক বক্তৃতার আয়োজন করে। মূল প্রবন্ধে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, "দলীয় সরকারের নীল-নকশা ও কারচুপির নির্বাচন থেকে উত্তরণের জন্য একটি বিশেষ ব্যবস্থা হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রয়েছে। কিন্তু সংবিধানের মৌলিক ধারণার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা সাংঘর্ষিক এ কারণে যে এই ব্যবস্থায় একটি অনির্বাচিত সরকারের হাতে দেশের শাসনভার তুলে দেয়া হয়।" অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "২০০৫ সালে ৩১ জানুয়ারি এই ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের উপর নীতি নির্ধারনী বক্তৃতা দেয়ার কথা ছিলো শাহ এ এম এস কিবরিয়ার। কিন্তু ২৭ জানুয়ারিই তিনি গ্রেনেড হামলায় মারা যান। 'রিফর্ম অফ দ্যা কেয়ারটেকার গভর্নমেন্ট' শীর্ষক ওই বক্তৃতায় এ এম এস কিবরিয়া তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রেক্ষাপট এবং কিভাবে একটি নির্বাচিত সরকার স্বৈরশাসকের গণবিরোধী চরিত্র ধারণ করতে পারে তা তুলে ধরেছেন।" অধ্যাপক আনোয়ার আরো বলেন, "কিবরিয়া তার প্রবন্ধে তত্ত্বাবধায়ক সরকারের দুর্বলতাগুলো পরিহার করার জন্য সংস্কার পদক্ষেপ তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তার আশঙ্কা সত্যি ছিলো। তা প্রমাণিত হয়েছে অগণতান্ত্রিক সেনাচালিত তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের মধ্যে নির্বাচন না দিয়ে দু' বছর স্বৈরশাসন চালানোর মাধ্যমে।" অধ্যাপক আনোয়ার তার প্রবন্ধে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলনের ফলেই এই গণরায় এসেছে। তাই নির্বাচিত সরকারকে বঙ্গবন্ধুর খুনীদের বিচার কাজ শেষ করে দণ্ড কার্যকর, বিশেষ ট্রাইব্যুনালে ইতোমধ্যেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করতে হবে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়ভাবে যেসব নিয়োগ হয়েছে সেগুলো পরিবর্তন, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় প্রচলিত বাহিনীর পরিবর্তে জনগণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য মানব সম্পদের উন্নয়ন, নারীদের হাতে সমভাবে ক্ষমতার বন্টনসহ নানাবিধ সুপারিশ অধ্যাপক আনোয়ার তার প্রবন্ধে তুলে ধরেন। স্মারক বক্তৃতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। তিনি বলেন, "শাহ এ এম এস কিবরিয়া বেঁচে থাকলে গণতন্ত্র ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকতো।" তিনি কিবরিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, "১৯৯৬-২০০১ সাল পর্যন্ত যখন শাহ এ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী ছিলেন তখন মুদ্রাস্ফীতি অনেক কম ছিলো। যা মাত্র দু'এর কোটায় ছিলো। তার নিষ্ঠা ও যোগ্য অর্থনৈতিক পদক্ষেপ দেশের সাধারণ মানুষের জীবযাত্রার মানকে অনেক পরিবর্তন করে দিয়েছিলো।" তিনি আরো বলেন, "অক্টোবরে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নামে তখন তার মতো একজন যোগ্য অর্থনীতিবিদের দেশের অর্থনৈতিক কাঠামোকে সচল রাখার জন্য খুবই প্রয়োজন ছিলো।" এ স্মারক বক্তৃতার অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধু, চার নেতা, কিবরিয়া, আহসান উল্লাহসহ সব রাজনৈতিক হত্যার বিচার দাবি করা হয়। অনুষ্ঠানে শাহ কিবরিয়ার পরিবারবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/২০১৭ ঘ.