২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট

সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবার অধিবেশনের শুরুতেই বিএনপির নেতৃত্বে বিরাধীদল ওয়াক আউট করে। বিকেল ৪টা ৫৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ার ফ্লোর চেয়ে না পেলে বিএনপির নেতৃত্বে বিরোধীদলীয় সাংসদরা ওয়াক আউট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবার অধিবেশনের শুরুতেই বিএনপির নেতৃত্বে বিরাধীদল ওয়াক আউট করে। বিকেল ৪টা ৫৫ মিনিটে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ার ফ্লোর চেয়ে না পেলে বিএনপির নেতৃত্বে বিরোধীদলীয় সাংসদরা ওয়াক আউট করে। পরে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, "সরকারিদল বিরোধীদলকে সহ্য করতে পারেছ না বলে আসন পুনর্বিন্যাস করেছে, যা সংসদীয় রীতি বহির্ভূত। স্পিকার সরকারিদলের প্রতিনিধির মতো আচরণ করেছেন।" তিনি বলেন, "আসন পুনর্বিন্যাসের বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনার পর আমরা আবার সংসদে ফিরে যাব। আগামীকাল (বৃহস্পতিবার) স্পিকারের সঙ্গে আলাচনা হতে পারে। এর আগে সংসদে আর ফিরে যাচ্ছি না।" কোরআন তেলাওয়াতের পর সংসদের অধিবেশনে দিনের প্রথম কর্মমূচি ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরপরই বিএনপি নেতা এম কে আনোয়ার দাঁড়িয়ে আসন পুনর্বিন্যাসের বিষয়ে স্পিকারের কাছে ফ্লোর চান। কিন্তু এ পর্যায়ে স্পিকার ফ্লোর দেওয়ার সুযোগ নেই বললে বিরোধীদলের সদস্যরা হইচই শুরু করেন। পরে স্পিকারের বিরোধীদলের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ওয়াকআউট করে তারা। বিরোধীদলের আসন পুনর্বিন্যাস অনুযায়ী প্রথম সারিতে বিরোধীদলকে চারটি আসন দেওয়া হয়েছে। এরপরই দেওয়া হয়েছে মহজোটকে চারটি এবং এলডিপিকে একটি আসন। মহাজোটের চারটি আসনের মধ্যে রয়েছে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুলন হক ইনুর আসন। দ্বিতীয় সারিতে বিএনপির যে ১১টি আসন ছিল সেখানেও তাদের চারটি আসন দিয়ে বাকি সাতটি আসন দেওয়া হয় মহাজোটকে। আসন পুনর্বিন্যাসে সরকারিদলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর প্রথম সারিতে স্থান পেয়েছেন। তিনি স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের আসনে বসেছেন। সংবাদ ব্রিফিংয়ে এম কে আনোয়ার স্পিকারের মনোভাবের সমালোচনা করে বলেন, "স্পিকার সরকারিদলের পক্ষে যেভাবে কথা বলছেন তাতে আমরা শঙ্কিত। আমরা প্রথম থেকেই বলে আসছি সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চই। সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারিদল যেন সংখ্যার ভিত্তিতে আমাদের মূল্যায়ন না করে। অথচ এ পর্যন্ত তাদের সবগুলো কর্মকাণ্ডই একপক্ষীয়।" তিনি দাবি করেন, সংসদের চিরাচরিত রীতিই হচ্ছে স্পিকারের বাম দিকে বিরোধীদল বসবে এবং ডানদিকে বসবে সরকারি দল। অথচ এবার বিরোধীদলীয় বেঞ্চে সরকারিদলকে আসন দিয়ে নতুন নজীর সৃষ্টি করেছেন স্পিকার। ২০০১ সালে আওয়ামী লীগ ৫৮টি আসন নিয়ে বিরোধীদলে থাকা অবস্থায় সেখানেও প্রথম সারিতে সরকারি দলের প্রার্থী দেওয়া হয়নি। বরং শেখ হাসিনাসহ আটটি আসন আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল। বাকি দুইটির মধ্যে একটি এইচ এম এরশাদ এবং অন্যটি আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়। তারাও বিরোধীদলে ছিলেন। সংবাদ ব্রিফিংয়ের সময় বিরোধীদলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক, বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থসহ বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/ডিডি/জিএনএ/২০৫০ ঘ.