২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার নতুন স্পিকারের আসন বিন্যাসে বসবে সংসদ

সামনের সারিতে আসন পাওয়ার ব্যাপারে সরকার ও বিরোধীদল উভয় পক্ষের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে নতুন বিন্যাস অনুযায়ী বুধবার সাংসদদের আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সামনের সারিতে আসন পাওয়ার ব্যাপারে সরকার ও বিরোধীদল উভয় পক্ষের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে নতুন বিন্যাস অনুযায়ী বুধবার সাংসদদের আসন গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। তিনি বলেন, "সামনের সারিতে আসন পাওয়ার ব্যাপারে সরকার ও বিরোধীদল দুই পক্ষই অনড়। সেক্ষেত্রে আমাকে মাঝের দিকের আসনগুলো পুনর্বিন্যাস করতে হবে। আগামীকাল (বুধবার) নতুন আসন বিন্যাস অনুযায়ী সাংসদদের বসতে হবে।" মঙ্গলবার সরকার ও বিরোধী দলের প্রধান হুইপের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় স্পিকার এ কথা জানান। জাতীয় সংসদে আসন পুনর্বিন্যাস নিয়ে বিকেলে সরকার ও বিরোধী দলের প্রধান হুইপের সঙ্গে স্পিকারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেল চারটার দিকে স্পিকারের কক্ষে বৈঠকটি শুরু হয়ে সন্ধ্যা ছয়টার দিকে শেষ হয়। স্পিকারের বাঁ পাশের সারির প্রথম দিকে প্রধান বিরোধী দল বিএনপিকে তিন থেকে চারটি আসন দেওয়া যেতে পারে- সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদের এমন প্রস্তাবের পর বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক বৈঠক থেকে বেরিয়ে যান। পরে সরকার দলীয় প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, "প্রথম সারির ২৯টি আসনের মধ্যে বিএনপিকে তিন থেকে চারটি আসন দেওয়ার বিষয়ে স্পিকারের কাছে আমাদের মতামত জানিয়েছি।" ৩০০ সংসদীয় আসনের মধ্যে বিএনপি ৩০টি আসন পেয়েছে উল্লেখ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত সংসদের রীতি অনুযায়ী তারা প্রথম সারির দশভাগের একভাগ আসন পেতে পারে।" বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক বৈঠক প্রসঙ্গে জানান, বৈঠকে সরকারি দল তাদের কিছু জ্যেষ্ঠ সাংসদ ও মন্ত্রীকে বিরোধী দলের আসনে বসানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, "সরকারি দলের চিফ হুইপ আমাকে বলেছেন- তারা বিএনপিকে বিরোধী দলের বেঞ্চের প্রথম সারিতে তিন থেকে চারটি আসন দিতে চায়। বিরোধী দলের সাংসদদের অপসারণ করে তাদের দলের কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংসদকে ওই আসনগুলোতে বসাতে চান।" সরকারি দলের হুইপের সঙ্গে তার দ্বিমত পোষণ করার কথা জানিয়ে জয়নাল আবেদীন ফারুক বলেন, "আমি তার ওই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছি। আমি তাকে বলেছি- সংসদকে গতিশীল রাখার ইচ্ছা থাকলে এই আসন পুনর্বিন্যাস করবেন না।" আসন পুনর্বিন্যাসের প্রস্তাব সংসদকে গতিশীল করার 'চি‎হ্ন বহন করে না' বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় প্রধান হুইপ। জয়নাল আবেদীন ফারুক কার্যপ্রণালীবিধির ৭ বিধি উল্লেখ করে বলেন, "একমাত্র স্পিকারই আসন পুনর্বিন্যাসের এখতিয়ার রাখেন।" সরকারি দলের সাংসদরা স্পিকারের বাঁ পাশে বসেন পৃথিবীর কোন দেশে এমন নজির নেই বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় হুইপ সাংবাদিকদের জানান, দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। অন্যদিকে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে বিএনপিসহ বিরোধী দল 'ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে' বলে সাংবাদিকদের কাছে তখন জানান বিরোধী দলের প্রধান হুইপ। বিদায়ী স্পিকার তার বাঁয়ে বিরোধী দলের বেঞ্চে প্রথম সারিতে ১০ আসনের মধ্যে ৯টি আসন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তার দলের ৮ জন সাংসদকে বরাদ্দ দেন। দ্বিতীয় সারিতে বিএনপি দলীয় সাংসদ ও জামায়াতের ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একমাত্র সাংসদকে আসন দেওয়া হয়। আসন বিন্যাসের ক্ষেত্রে সরকারি দলের প্রধান হুইপের প্রস্তাব ছিল- বিরোধী দলীয় বেঞ্চে বিরোধী দলীয় নেত্রীসহ তিনটি আসন পাবে বিএনপি। এছাড়া এর পেছনে চারটি আসন পাবে তারা। সরকারি দলের যুক্তি, সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে প্রথম সারিতে বিএনপি পাবে তিনটি আসন। কার্যপ্রণালী বিধি (৭) অনুযায়ী স্পিকার যেকোন সময় আসনবিন্যাস পরিবর্তন করতে পারেন। প্রচলিত রীতি অনুযায়ী, বিদায়ী স্পিকারের সরকারী দল ও বিরোধী দলের হুইপদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসনবিন্যাস চূড়ান্ত করার কথা। বিদায়ী স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকার সরকারি দলের সঙ্গে আলোচনা ছাড়াই আসনবিন্যাস চূড়ান্ত করেন। তবে স্পিকার আব্দুল হামিদ বিদায়ী স্পিকারের আসন পুনর্বিন্যাসকে 'একতরফা' অভিহিত করে এর সমালোচনা করেছেন। তিনি বলেন, "আমি অষ্টম জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সঙ্গে কথা বলে সাংসদদের আসন বিন্যাস করেছিলাম।" জমিরউদ্দিন সরকার সেই ব্যবস্থাকে বদলে দিয়েছেন বলেও মন্তব্য করেন স্পিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/এসকে/২২৩২ঘ.