দিনাজপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন বলেছেন, তারা কয়লা উত্তোলনের বিরুদ্ধে নয়। তবে খনির কারণে তাদের ফসলি জমি ও বাড়িঘরের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে।
মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীকে এ কথা বলেন।
বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কালুপাড়া, বলরামপুর, মৌ-পুুকুর ও জিগাগাড়ি গ্রামে এ পর্যন্ত চার দফা ভূ-কম্পনে শতাধিক ঘরবাড়িতে ফাটল ও প্রায় তিনশ' একর ফসলি জমি দেড় থেকে তিন ফুট পর্যন্ত দেবে যায়।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দ ও ভূ-কম্পন শুরু হলে শত শত গ্রামবাসী বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় বের হয়ে আসে। খবর পেয়ে সে সময় দিনাজপুরে অবস্থান করা বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
ক্ষতিগ্রস্তরা উপদেষ্টাকে জানান, ভূ-কম্পন আর ক্ষয়ক্ষতির কারণে তারা এখন আতঙ্কগ্রস্ত।
এছাড়া খনি শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, খনি কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে খনির উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈষম্য সৃষ্টি করে খনিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তারা দুর্নীতি ও অনিয়মের তদন্ত এবং শ্রমিকদের ন্যায্য মজুরী দাবি করেন।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেছেন, "জনগণ কি চায় সেটা যেমন বিবেচনা করা হবে, তেমনি সরকার কয়লা উত্তোলন অব্যাহত রাখবে দেশের প্রয়োজনে সেটাও জনগণকে বুঝতে হবে। এই দুই চাহিদা ও প্রয়োজনের সমন্বয়ে আমরা একটি উপায় বের করতে চাই। তবে জনগণের বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।"
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে খনি ও খনি এলাকার জনগণের বিভিন্ন সমস্যা স্বচক্ষে দেখতে এসেছি। সুষ্ঠু কয়লানীতি প্রণয়ন করে কয়লা উত্তোলনে আমরা পদক্ষেপ নিব। আগে খনিতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
উপদেষ্টা পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া, মৌ-পুকুর, বলরামপুর ও জিগাগাড়ি গ্রাম পরিদর্শন করেন। তিনি দেবে যাওয়া ফসলি জমি ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিদ্যুৎ ও খনিজ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী কয়লাখনির ফটকের সামনে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আব্দুল গণি, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক রবিউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এস এম নুরুজ্জামান প্রমুখ।
সভা শেষে ড. তৌফিক-ই- এলাহী সাংবাদিকদের বলেন, "খনিতে কর্মরত শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আইনের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন আনা হবে। যাতে ভবিষ্যতে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ও মজুরী থেকে বঞ্চিত না হন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24