রংপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মঙ্গলবার মটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংর্ষষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় অন্তত ৪০জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় টার্মিনালে ত্রাসের সৃষ্টি হয়। আতংকিত যাত্রীরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। বন্ধ হয়ে যায় টার্মিনাল থেকে সব রুটের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মটর শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়। এ সভাকে কেন্দ্র করে শ্রমিকরা দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে একপক্ষ মিছিল করে সভাস্থলে আসে এবং মঞ্চে হামলা চালায়। তারা মঞ্চ, মাইক ও চেয়ার টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এ নিয়ে দু গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত হয়ে আসার পর সভা শুরু হয়। সভা চলাকালে আওয়ামী লীগ নেতা শরীফ ও মিলনের নেতৃত্বে একটি মিছিল মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকলে আবার উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।
এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠি পেটায় আওয়ামী লীগ নেতা মিলন, মটর শ্রমিক আফজাল, মমতাজ, সালাম, মতিনসহ অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনায় সভা পন্ড হয়ে যায়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সাংবাদিকদের বলেন, বাস টার্মিনালে সভা করার অনুমতি কাউকেই দেওয়া হয়নি। পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24