ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এই নিয়োগ দেওয়া হয়।
অন্য এক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এম এ এম সিদ্দিককে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসমূহের (ইপিজেড) পরিচালনা বোর্ডের নির্বাহী সেলের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগপ্রাপ্ত সেনা বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান খানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া সোমবার অন্য একটি সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, সদ্য পদোন্নতিপ্রাপ্ত চার সচিবকে তাদের পদোন্নতির আগের পদে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে।
এদের মধ্যে- এ এস এম আলী কবীরকে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, আব্দুস সোবহান শিকদারকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মো. কামরুল আলম রাব্বানীকে বাংলাদেশ শিপিং করপোরেশনের চেয়ারম্যান এবং মো. নাজমুল হুদা খানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব ফিরোজ সালাহউদ্দিনকে কপিরাইট অফিসের নিবন্ধক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব নুরুল হুদা এবং মহাকাশ ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য সৈয়দ ওমর খৈয়ামকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সচিব হিসেবে বদলী আদেশাধীন সিনিয়র সহকারী সচিব আবু বকর সিদ্দিককে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/২১৫৪ঘ.
bdnews24