ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবুর বিরুদ্ধে ১৩ বছর সশ্রম কারাদণ্ডের রায় হয়েছে।
সফিউর রহমান বাবু পলাতক আছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকার ৪ নাম্বার বিশেষ আদালতের বিচারক জেসমিন আনোয়ার এ রায় ঘোষণা করেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলার এ রায়ে বাবুকে মোট ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রায়ে বলা হয়েছে, "এই জরিমানার টাকা দণ্ডিত পরিশোধ না করলে তাকে আরও আড়াই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।"
রায়ে সম্পদ বিবরণীতে দাখিল করার সমস্ত সম্পত্তি রাষ্ট্রবরাবার বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এ মামলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক অর্থমন্ত্রীর ছেলে হয়েও অর্থ ও সম্পদের লোভ ছাড়তে পারেনি বাবু। বরং অর্থমন্ত্রীর আশ্রয় প্রশ্রয়ে সে এ কাজ করেছে। এ রায়ের মাধ্যমে ভবিষ্যতে রাজনীতিবিদরা সতর্ক হবেন।"
রায় এবং মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১৩ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা অর্জন এবং ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৪৫৩ টাকার সম্পদ গোপনের অভিযোগে গত বছরের ২৯ এপ্রিল বাদীর বিরুদ্ধে রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে এ মামলা হয়।
মামলা করেন দুদকের উপ-পরিচালক শারমিন ফেরদৌসি। গত বছরের ২ নভেম্বর মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়।
রায়ে বলা হয়, উভয় কারাদণ্ড একত্রে না চলে পরপর চলবে। অর্থাৎ, একটির পর আরেকটির সাজা ভোগ করতে হবে।
বাবু পলাতক থাকায় সোমবার আদালতে তার কোনো আইনজীবী ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/জিএনএ/১৪৪৭ ঘ.
bdnews24