বান্দরবান, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পৃথক দুটি পাড়া থেকে শনিবার রাতে অস্ত্রের মুখে দুই পাড়া কারবারী, একজন স্কুল শিক্ষকসহ আট আদিবাসীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অপহৃতরা হলেন- উপজেলার অংজয় পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচনু মারমা (৩৫), পাড়া কারবারী থোয়াইসা মং (৪২), উ হাই মং (৩০), পাড়া কারবারী ও গ্রাম পুলিশের (ভিডিপি) কমান্ডার মং কোয়াইচিং (৫৫), অং ক্যসিং, লরেন্স ত্রিপুর (৩৫), শান্তি লাল ত্রিপুরা কারবারী (৫৫) ও বুলি চান ত্রিপুরা (৩৫)।
রোয়াংছড়ি থানার উপসহকারী পরিদর্শক (এস আই) মাসুদ জানান, শনিবার রাতে রোয়াংছড়ি উপজেলার ব্যাংছড়ি ও অংজয় পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দিয়ে এ আটজনকে অপহরণ করে নিয়ে যায়। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছে সেটা তিনি জানাতে পারেননি।
পুলিশ সুপার মো. শামসুদ্দিন অপহরণের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
এদিকে, জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখা রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে, ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান এবং রোয়াংছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী ইন্ধনে কথিত 'ডিপিএ' (ডেমোক্রেটিক পার্টি অব আরাকান) এদের অপহরণ করেছে।
এ ব্যাপারে হ্লাথোয়াই হ্রীর বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24