ময়মনসিংহ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশালে উপজেলায় রোববার সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করতে গিয়ে বাসচাপায় আরও চার জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নারায়ণপুর নামক স্থানে সকালে প্রথম একটি মালবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত এবং নয়জন আহত হয়।
এ দুর্ঘটনার পর আশপাশের লোকজন ট্রাকটির নীচ থেকে হতাহতদের উদ্ধার করতে আসে। এ সময় আরেকটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরও তিনজন নিহত এবং ১২ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে আছেন- ত্রিশাল উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল খালেক (৫৫), রেবেনা খাতুন (২৫), চিকনা গ্রামের জাহাঙ্গীর (১৬), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আমিরুল মোড়ল (২৫) ও শ্যামনগরের কবিরুল ইসলাম (২৩)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তারুউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্রিশাল উপজেলার নারায়ণপুর নামক স্থানে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত এবং নয়জন আহত হয়।"
তিনি বলেন, "এর কিছু সময় পর ময়মনসিংহগামী একটি বাসের চাপায় একই স্থানে চারজন নিহত এবং তিনজন আহত হয়।"
আক্তারুউজ্জামান জানান, ঢাকাগামী মালবোঝাই ট্রাকটির নীচে চাপা পড়াদের উদ্ধার করার সময় ময়মনসিংগামী বাসটির চাপায় এরা হতাহত হয়।
আহতদের ত্রিশাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/এমএসবি/১৫৪৮ ঘ.
bdnews24