২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হনিদুর্গাপুর গ্রামে শুক্রবার রাতে একটি খামারের প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চাঁদপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হনিদুর্গাপুর গ্রামে শুক্রবার রাতে একটি খামারের প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। খামারের তত্ত্বাবধায়ক মো. সোহেল পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে তিনি মুরগির ডাক শুনে ঘুম থেকে উঠে দেখতে পান খামার আগুনে পুড়ছে। তিনি যেখানে শুয়েছিলেন তার পাশেও আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি খামার মালিককে জানান। খামার মালিক ইদ্রিস পাটওয়ারী জানান, উপজেলা নির্বাচনের সময় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তার বাড়ির আশপাশের কেন্দ্রগুলোতে তার প্রার্থীই জিতেছেন। বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হলেও ওইসব কেন্দ্রে জিততে পারেননি। ওই ঘটনায় ক্ষিপ্ত বিএনপি'র কর্মী সমর্থকরা তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ জঘন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তিনি দাবি করেন, তার খামারের দেড় হাজার মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এতে তার তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আজ (শনিবার) ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.