২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হুইপের আসন প্রস্তাব নাকচ করলেন স্পিকার

নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের সাংসদদের আসন বিন্যাসের বিষয়ে চিফ হুইপের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের সাংসদদের আসন বিন্যাসের বিষয়ে চিফ হুইপের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার। (আরো তথ্যসহ) তিনি বলেন, "সংসদে আসন বিন্যাসের বিষয়ে চিফ হুইপের প্রস্তাব ঠিক নয়; এর এখতিয়ার শুধু স্পিকারের।" শনিবার বিকেলে বিএনপি দলীয় সাবেক এই সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। এর আগে সরকারি দলের চিফ হুইপ আবদুস শহীদ স্পিকারের বাঁ পাশের প্রথম সারিতে দুইজন সাংসদকে সঙ্গে নিয়ে বিরোধী দলের নেতার বসার ব্যাপারে প্রস্তাব করেন। বাকিরা বসবেন একই কলামে তাদের পেছনে। এর পর শুক্রবার বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী সংসদে আসন বিন্যাসের ক্ষেত্রে প্রচলিত রীতির বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। রীতি অনুযায়ী স্পিকারের বাঁ পাশে বিরোধী দল ও ডান পাশে সরকারি দলের সদস্যরা বসেন। শনিবার এ ব্যাপারে স্পিকার জমিরউদ্দিন সরকার সরকারি দলের চিফ হুইপের ওই প্রস্তাব নাকচ করে দিয়ে তার বাঁ দিকের ১০টি আসন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া তার বাঁ দিকে দ্বিতীয় সারির ১২টি আসনও বিরোধী দলের সাংসদের দেওয়ার নির্দেশ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ সারির ৫টি করে আসনও বিরোধী দলের জন্য সংরক্ষণ করতে বলেন তিনি। স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি দলের প্রস্তাবে অধিকাংশ মন্ত্রীকে স্পিকারের বাঁ দিকে আসন দেওয়া হয়েছিল। আমি তা সংশোধন করে মন্ত্রীদের ডানে বসার ব্যবস্থা করছি।" অতিরিক্ত দুটি আসন উপ-নির্বাচনে বিরোধী দল থেকে কেউ নির্বাচিত হয়ে এলে তাদের জন্য সংরক্ষিত রয়েছে। স্পিকার নির্দেশিত আসন বিন্যাস অনুযায়ী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) অলি আহমেদ প্রথম সারির ১০ নং আসনটি পাবেন। তার পেছনে বিজেপির আন্দালিব রহমান পার্থর আসন বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি দলের হুইপরা যুক্তি দেখান, তারা চারদলীয় জোট সাংসদদের সংখ্যার অনুপাতে প্রথম সারির ২৯টি আসনের মধ্যে তাদের জন্য তিনটি আসন বরাদ্দ করেছেন। চারদলীয় জোটের আসন সংখ্যা ৩৩। স্পিকার তার সিদ্ধান্তের ব্যাপারে কার্যপ্রণালীবিধির ৭ ও ৩১৬ ধারার কথা উল্লেখ করেন। সরকারি দল আওয়ামী লীগের মুখপাত্র ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদীয় দলের সভায় সংসদে আসন বিন্যাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিএনপি এখনো প্রধান হুইপ মনোনয়ন দেয়নি। আসন বিন্যাসের বিষয়টি হুইপ পর্যায়ে আলোচনা করেই হয়ে থাকে।'' সংসদের রীতি অনুযায়ী আনুপাতিক হারে আসন বিন্যাস হয়ে থাকে উল্লেখ করে আশরাফ বলেন, বিগত সংসদে আওয়ামী লীগ ৫৮ টি আসন পেলেও সামনের সারিতে তাদের খুব বেশি আসন দেওয়া হয়নি। এবার বিএনপি পেয়েছে ৩০টি আসন। জাতীয় পার্টিও বেশি আসন পেয়েছে। এটাও বিবেচনায় আনতে হবে। বেশ কয়েকবার সাংসদ নির্বাচিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বিরোধী দলের আসন বিন্যাস সম্পর্কে বলেন,'' স্পিকারের বাঁ দিকে বিরোধী দল এবং ডান দিকে ট্রেজারি বেঞ্চ-এর সদস্যরা বসবেন-এটা সংসদের রীতি।" সৈয়দ আশরাফের বক্তব্যের বিপরীত তথ্য দিয়ে তিনি বলেন, "অষ্টম সংসদে আওয়ামী লীগ সদস্যদের প্রথম সারির অধিকাংশ আসনই দেওয়া হয়েছিল। আনুপাতিক হারের যে কথা বলছে আওয়ামী লীগ, সে হিসেবে তখন ৫৮ আসনের সামনের সারিতে কয়টি পেতেন, তারাই বলুক।'' সাকা চৌধুরী ক্ষোভের সঙ্গে বলেন, "আসন বিন্যাস নিয়ে সরকারি দল যেভাবে কথা বলছে, তাতে বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা রাখতে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী স্লোগানের প্রতি ব্যঙ্গোক্তি করে তিনি বলেন, "ডিজিটাল কারচুপির পর তারা (আওয়ামী লীগ) এখন 'ডিজিটাল সংসদ' প্রতিষ্ঠা করতে চায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/এসকে/১৯৫০ঘ.