২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের প্রথম দিন ডেপুটি স্পিকার পদ পাচ্ছে না বিরোধী দল

সংবিধান সংশোধন না করে নবম সংসদের প্রথম অধিবেশনে রোববার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়া হচ্ছে না। সংসদকে কার্যকর করার কথা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে বিরোধীদলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার কথা বলা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংবিধান সংশোধন না করে নবম সংসদের প্রথম অধিবেশনে রোববার ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়া হচ্ছে না। সংসদকে কার্যকর করার কথা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে বিরোধীদলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে সরকারি দল আগ্রহী হলেও সংবিধান সংশোধন করে ডেপুটি স্পিকারের একটি পদ বিরোধী দল নিতে রাজি নয়। সরকারি দল আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সংবিধান সংশোধন না করা পর্যন্ত ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে না দেওয়ার ইঙ্গিত দেন। সৈয়দ আশরাফ বলেন,'' আমাদের নেত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকারের একটি পদ দেওয়ার কথা বলেছেন। এটা তার নির্বাচনী ইশতেহারে ছিল। আর বিএনপি তার ইশতেহারে বলেছিল, তারা ডেপুটি স্পিকারের আরেকটি পদ সৃষ্টি করে তা বিরোধী দলকে দেবে। এজন্য সংসদে বিরোধী দল বিল আনলে, আমরা তা সমর্থন দেব অথবা আমরাও বিল আনব।'' সংবিধানের ৭৪ ধারায় বলা আছে, সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবইে একজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। সে হিসেবে রোববার নবম সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সরকারি দল থেকেই হতে যাচ্ছে বলে ধারণা করা হচেছ। তবে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' নির্বাচনের আগে বর্তমান সংসদ নেতা বলেছিলেন , তারা ক্ষমতায় গেলে সংসদ কার্যকর করবেন, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেবেন। এখন ক্ষমতায় গিয়ে ভিন্ন কথ বলছেন তারা। এটা জনগনই বিচার করবে।" সাকা চৌধুরী বলেন, "সরকারি দলের দয়া-দাক্ষিণ্যের ভিত্তিতে আমরা বিরোধী দলের কার্যক্রম চালাব না। বিএনপি সংসদে সত্যিকারের বিরোধী দল হিসেবে একটি কার্যকর ও গঠনমূলক ভূমিকা রাখতে চায়। সরকারি দল সেই পরিবেশ সৃষ্টি করবে কিনা, তা আমরা দেখতে চাই।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/১৮১১ঘ.